- দে । শ
- মে ১৬, ২০২৬
রেল সীমানা প্রাচীর ঘিরে বিবাদ কাটোয়ায়
আজিমগঞ্জ রেলপথের কাটোয়া স্টেশন লাগোয়া কেশিয়া রেলগেটের কাছে সীমানা প্রাচীর দেওয়াকে কেন্দ্র করে রেলের নিরাপত্তারক্ষী ও পুলিশের সঙ্গে এলাকার বাসিন্দাদের ঝামেলা ও ধ্বস্তাধ্বস্তির ঘটনায় তীব্র চাঞ্চল্য । কাজ বন্ধ রাখার আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয় । ঘটনায় একদিকে যেমন পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ উঠেছে, অন্যদিকে তেমনি পুলিশকে লক্ষ করে পাথর ছোড়ারও অভিযোগ উঠেছে । এর ফলে দু’পক্ষের কয়েকজন জখম ।
বিশাল পুলিশবাহিনী এসে পরিস্থিতি সামলায় । আগেও রেল এখানে সীমানা প্রাচীর দেওয়ার চেষ্টা করেও সফল হয়নি । ঘটনাস্থলে হাজির হয়ে কাটোয়া পুরসভার কাউন্সিলর সুফল রাজোয়ার বললেন, ‘রেললাইনের উপর দিয়ে হলেও এই রাস্তাটি রেলপথের ২ প্রান্তের কয়েক হাজার মানুষের যোগাযোগের একমাত্র মাধ্যম । জায়গাটি ঘিরলে তারা চরম সমস্যার মুখে পড়বেন ।’
কাটোয়া শহরের ১৩নং ওয়ার্ডের কেশিয়া থেকে ১৯নং ওয়ার্ডের মাঠপাড়া যাওয়ার শর্টকাট রাস্তা হল রেললাইন পারাপার । নিরাপত্তার কারণেই এই খোলা রেলপথটিকে ঘিরে দিতে চাইছে রেল । এলাকার বাসিন্দাদের কথায়, ‘বছরের পর বছর ধরে রাস্তাটি ব্যবহার করা হচ্ছে । ম্যাপেও রাস্তাটির উল্লেখ রয়েছে । তা সত্ত্বেও রেল জনস্বার্থে আঘাত দিয়ে জায়গাটি ঘিরে দিতে চাইছে । আমরা চাই আন্ডারপাস বা ওভারব্রিজের মত একটা বিকল্প ব্যবস্থা করে সীমানা প্রাচীর দেওয়া হোক ।’
❤ Support Us






