Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • এপ্রিল ২৮, ২০২৬

‘সিংঘম সক্রিয় হতেই মুখ খুলছে পুষ্পা’ । বিতর্কিত ভিডিয়ো পোস্ট তৃণমূলের । উপেক্ষা করেই ফলতায় টহল বাড়ালেন উত্তরপ্রদেশের আইপিএস

আরম্ভ ওয়েব ডেস্ক
‘সিংঘম সক্রিয় হতেই মুখ খুলছে পুষ্পা’ । বিতর্কিত ভিডিয়ো পোস্ট তৃণমূলের । উপেক্ষা করেই ফলতায় টহল বাড়ালেন উত্তরপ্রদেশের আইপিএস

পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফা ভোটের সবচেয়ে চর্চিত উত্তরপ্রদেশের ‘সিংঘম’ আইপিএস অজয় পাল শর্মা । তিনি সোমবার ডায়মন্ড হারবারের পুলিশ পর্যবেক্ষক হিসেবে ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের বাড়িতে গিয়ে তল্লাশি চালান ও হুঁশিয়ারি দিয়ে আসেন । বলে আসেন ভোটারদের ভয় দেখলে পরে পস্তাতে হবে, কাঁদতে হবে ।

এদিকে ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান কোনো ভাবেই যে উত্তরপ্রদেশের ‘সিংঘম’ আইপিএস অজয় পাল শর্মাকে ভয় পান না সেটা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন মঙ্গলবার । জাহাঙ্গির বলেছেন, “আমরা জানি নির্বাচন কমিশনের নিয়ম যা তাতে পুলিশ অবজার্ভারের অধিকার নেই কাউকে ধমক-চমক দেওয়া । ওনার কাজ কমিশনের চোখ ও কান হিসেবে কাজ করা । উনি যা বলার এসপিকে বলবেন, উনি তা করছেন না । উনি যদি সিনেমার সিংঘম হন তাহলে আমরাও পুষ্পা । আমি পার্টি অফিসেই আছি । উনি আমার বাড়ি এসেছেন, আমাদের নেতা-কর্মীদের ধমক-চমক দিচ্ছেন । আমরা গণদেবতা ছাড়া দিল্লির পুলিশ, দালাল কাউকে ভয় পাই না, আমরা ঝুকেগা নেহি । আমরা বাড়ি থেকে সব নিয়ন্ত্রণ করতে পারি ।”

তৃণমূলের পক্ষে উত্তরপ্রদেশের ‘সিংঘম’ আইপিএস অজয় পাল শর্মার বিরুদ্ধে মুখ খুলেছেন তৃণমূল নেত্রী ও রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য । তিনি বলেছেন, “উত্তরপ্রদেশের ‘সিংঘম’ আইপিএস অজয় পাল শর্মা এসেছেন, এসে নাকি আমাদের প্রার্থীর বাড়ি গিয়ে তল্লাশির নাম মহিলাদের হেনস্থা করছেন । আমরা বলে দিচ্ছি এসব বাংলায় চলে না । উনি পুলিশ অবজার্ভারের কাজ করতে এসেছেন । নির্বাচন কমিশনের যা নিয়ম তাতে অবজার্ভার কমিশনের চোখ ও কান হিসেবে কাজ করেন । তাহলে উনি বাড়ি বাড়ি গিয়ে হুমকি, হুঁশিয়ারি দিচ্ছেন কেন ?”

রাজ্যের আর এক মন্ত্রী অরূপ বিশ্বাসও উত্তরপ্রদেশের ‘সিংঘম’ আইপিএস অজয় পাল শর্মার আচরণের সমালোচনা করেছেন কড়া ভাষায় ।

উত্তরপ্রদেশের ‘সিংঘম’ আইপিএস অজয় পাল শর্মার বিরুদ্ধে সবচেয়ে তীব্র ভাবে মুখ খুলেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র । তিনি ওই আইপিএস অফিসারের একটি গোপন ভিডিও প্রকাশ করে সোশাল মিডিয়ায় অজয় পাল শর্মাকে মিষ্টি ভাষায় কড়া বার্তা দিয়েছেন । ওই ভিডিওতে দেখা গিয়েছে, এক লাস্যময়ীর সঙ্গে ফূর্তিতে মত্ত ‘সিংঘম’! মহুয়ার পাশে দাঁড়িয়ে উত্তরপ্রদেশের ডিআইজি-কে কটাক্ষ করেছেন সে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, ইন্ডিয়ার জোটশরিক অখিলেশ যাদবও । যদিও এই ভিডিওর সত্যতা আরম্ভ ওয়েব ডেস্ক যাচাই করেনি ।

প্রসঙ্গত উল্লেখ করা প্রয়োজন, সোমবারই অজয় পাল শর্মার একটি ভিডিও ভাইরাল হয় । তাতে দেখা গিয়েছে, কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে ফলতার তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গির খানের বাড়ির কাছে গিয়ে সরাসরি তাঁর পরিবারের উদ্দেশে ধমক দিচ্ছেন জেলার পুলিশ পর্যবেক্ষক । ‘সিংঘম’কে বলতে শোনা গিয়েছে, ‘‘সবাই কান খুলে শুনে রাখুন, কোনো ঝামেলা করলে এমন চিকিৎসা করব না, এখানে জাহাঙ্গিরের পরিবারের লোকজন আছে । তাদের বলছি, ওর লোকজন নাকি হুমকি দিয়ে বেড়াচ্ছে শুনছি । ওকে বলে দেবেন এসব করলে আমি কিন্তু সব খবর নেব । পরে এমন করব তখন কেঁদেকেটেও লাভ হবে না ।”

তাঁর এই হুমকি ভিডিও ছড়িয়ে পড়তেই তৃণমূল কংগ্রেস এক্স হ্যান্ডেলে পোস্ট করে যোগীরাজ্যের এই আইপিএস অফিসারের বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগগুলি প্রকাশ্যে আনে । তার মধ্যে ছিল টাকার বিনিময়ে পোস্টিং, মহিলাদের সঙ্গে বিয়ের নামে প্রতারণা ।

এদিকে তৃণমূলের ও জাহাঙ্গিরের এই মন্তব্যে কর্ণপাত না করে অজয় পাল শর্মা মঙ্গলবারও ফলতায় বিশাল পুলিশ বাহিনী নিয়ে টহল দেওয়া শুরু করেছেন ।


  • Tags:
❤ Support Us
Advertisement
error: Content is protected !!