- দে । শ
- মে ১৬, ২০২৬
ফলতায় পুনর্নির্বাচনের আগে তীব্র রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার জাহাঙ্গির ঘনিষ্ঠ তৃণমূল নেতা সাইদুল খান
আজই ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক, ১৯ মে ফলতায় রোড শো মুখ্যমন্ত্রীর
পুনর্নির্বাচনের মাত্র পাঁচ দিন আগে দক্ষিণ ২৪ পরগনার ফলতায় রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে। শুক্রবার গভীর রাতে ফলতা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তথা জাহাঙ্গির খান ঘনিষ্ঠ তৃণমূল নেতা সাইদুল খানকে গ্রেফতার করেছে ফলতা থানার পুলিশ। পুলিশের দাবি, ধৃতের বিরুদ্ধে খুনের চেষ্টা এবং রাজনৈতিক হিংসা ছড়ানোর মতো গুরুতর অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরেই তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়েছিল বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, ওই সমস্ত অভিযোগের তদন্তে নেমেই শুক্রবার রাতে সাইদুল খানের বাড়িতে হানা দেওয়া হয় এবং সেখান থেকেই তাঁকে গ্রেফতার করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চাপানউতোর। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের তরফে আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া মেলেনি।
এদিকে নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী আগামী ২১ মে ফলতায় পুনর্নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ২৪ মে ফল প্রকাশ করা হবে। তবে এর মধ্যেই রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিতে বড় পরিবর্তন ঘটেছে। তৃণমূলকে সরিয়ে রাজ্যের ক্ষমতায় এসেছে বিজেপি। নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শনিবার ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক করার পর ফলতায় ভোট প্রচারে যোগ দেওয়ার কথা রয়েছে। এছাড়াও ১৯ মে, অর্থাৎ প্রচারের শেষ দিনে ফলতায় তাঁর রোড শো করারও পরিকল্পনা রয়েছে। ফলে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ তুঙ্গে।
এই রাজনৈতিক আবহের মধ্যেই শুক্রবার দীর্ঘদিন পর প্রকাশ্যে দেখা যায় ফলতা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানকে। সকালে তিনি বাড়ি থেকে বেরিয়ে শ্রীরামপুরে নিজের দলীয় কার্যালয়ে যান। উল্লেখ্য, ২৯ এপ্রিল ভোটের দিন ওই কার্যালয় থেকেই ভোট পরিচালনা করেছিলেন তিনি। বিজেপি রাজ্যে ক্ষমতায় আসার পর ওই দলীয় অফিসে হামলা ও ভাঙচুর চালিয়ে সেখানে বিজেপির পতাকা লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল বিজেপি কর্মীদের বিরুদ্ধে।
এদিন নিজের অফিসে গিয়ে জাহাঙ্গির খান দাবি করেন, বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করে তৃণমূল নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। তাঁর কথায়, “এলাকার শান্তি বজায় রাখতেই এতদিন প্রকাশ্যে আসিনি। পুলিশ আমাকে বাড়িতে ফিরিয়ে এনেছে—এই দাবি সম্পূর্ণ মিথ্যা। আমি বাড়িতেই ছিলাম। প্রশাসনের অত্যাচারের কারণেই অশান্তি এড়াতে সামনে আসিনি।”
❤ Support Us





