- দে । শ প্রচ্ছদ রচনা
- মে ১৫, ২০২৬
ভোট-পরবর্তী হিংসা নিয়ে বিধানসভায় তুমুল বিতর্ক, শর্তসাপেক্ষে ঘরছাড়াদের ফেরানোর আশ্বাস মুখ্যমন্ত্রীর
ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় তৃণমূল কর্মী-সমর্থকদের উপর হামলা ও ঘরছাড়ার অভিযোগ তুলে আসছে শাসকদল। শুক্রবার বিধানসভা অধিবেশনেও সেই ইস্যুতে সরব হন বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়। তাঁর অভিযোগ, বিজেপির অত্যাচারে বহু তৃণমূল নেতা-কর্মী এলাকা ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। এদিন বক্তব্য রাখতে উঠে ভোট ও ভোট-পরবর্তী হিংসার প্রসঙ্গ তোলেন বিরোধী দলনেতা।
শোভনদেবের অভিযোগের জবাবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, তাঁর জানা মতে বর্তমানে কেউ ঘরছাড়া নন। তবে অভিযোগ সত্যি হলে সরকার ব্যবস্থা নেবে বলেও আশ্বাস দেন তিনি। বিরোধী দলনেতাকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী বলেন, “যদি সত্যিই কেউ ঘরছাড়া হয়ে থাকেন, তাহলে তাঁদের নামের তালিকা ডিজিপির কাছে জমা দিন।”
তবে এই আশ্বাসের পাশাপাশি স্পষ্ট শর্তও বেঁধে দেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, একুশের ভোট-পরবর্তী হিংসার ঘটনায় যাঁদের বিরুদ্ধে অভিযোগ বা এফআইআর রয়েছে, যে সাড়ে বারো হাজারের নাম অভিযোগ ছিল, এই তালিকায় যদি তাদের নাম থাকে তবে তাঁদের ঘরে ফেরানো হবে না। বরং তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে গ্রেপ্তার করা হবে, তারা জেলে যাবে। অন্যদিকে, যদি কোনও ব্যক্তি নির্দোষ হন এবং শুধুমাত্র রাজনৈতিক কারণে ঘরছাড়া হয়ে থাকেন, তাহলে স্থানীয় বিধায়ক ও পুলিশ সুপার স্বয়ং উদ্যোগ নিয়ে তাঁকে নিরাপত্তাসহ ঘরে ফিরিয়ে দেবেন বলেও আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।
বিধানসভায় বক্তৃতা করতে উঠে মুখ্যমন্ত্রী বলেন, ‘গঠনমূলক বিরোধিতা চাই। বিধানসভা মারামারির জায়গা নয়। সংবিধানের পরিভাষায় House belongs to the Opposition।’ বিধানসভায় সরকার এবং বিরোধী পক্ষ ৫০-৫০ ভাগে বক্তৃতার সুযোগ পাবে বলেই আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী এদিন মন্ত্রীদের বলেন, বিরোধীরা সময় চাইলে দেবেন। যদি কোনও মন্ত্রী কোথাও যান তাহলে স্থানীয় বিধায়ককে জানিয়ে যাবেন, তিনি যে দলেরই বিধায়ক হোন। আমায় বিরোধীরা চিঠি লিখে কোনও বিষয়ে সহযোগিতা চাইবেন তাঁরা কিছুটা সহযোগিতা পাবেন, পাশাপাশি চিঠির প্রাপ্তিস্বীকার করা হবে।
❤ Support Us





