- এই মুহূর্তে দে । শ
- মে ২৬, ২০২৬
মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে পথচারীকে ধাক্কা! ইকোপার্কে আটক স্বর্ণব্যবসায়ী খুন মামলার অভিযুক্ত প্রশান্ত বর্মণ
সল্টলেকের দত্তাবাদের স্বর্ণব্যবসায়ী স্বপন কামিল্যা খুন মামলার অন্যতম অভিযুক্ত রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মণ অবশেষে পুলিশের হাতে আটক হলেন। তবে খুনের মামলায় নয়, নিউটাউনের ইকোপার্ক থানা এলাকায় এক পথচারীকে গাড়ি দিয়ে ধাক্কা মারার অভিযোগে সোমবার রাতে তাঁকে আটক করে পুলিশ। বর্তমানে তাঁকে ইকোপার্ক থানায় রাখা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, সোমবার রাতে মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন প্রশান্ত বর্মণ। অভিযোগ, আচমকাই তাঁর গাড়ি এক পথচারীকে ধাক্কা মারে। ধাক্কার জেরে ওই ব্যক্তি ছিটকে পাশেই দাঁড়িয়ে থাকা একটি স্কুটারের আরোহীর উপর গিয়ে পড়েন। ঘটনায় পথচারীর পায়ে চোট লাগে বলে জানা গিয়েছে। এরপর স্কুটারআরোহী প্রশান্তের গাড়ি আটকান। ইতিমধ্যেই দুর্ঘটনার একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে, যদিও সেই ভিডিয়োর সত্যতা স্বাধীনভাবে যাচাই করেনি আরম্ভ ওয়েব ডেস্ক। ভাইরাল ভিডিয়োতে প্রশান্ত বর্মণকে উত্তেজিত অবস্থায় হুমকি দিতেও শোনা গিয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ইকোপার্ক থানার পুলিশ এবং তাঁকে আটক করে।
উল্লেখ্য, গত বছরের ২৯ অক্টোবর নিউটাউন থানার যাত্রাগাছির খালধার থেকে উদ্ধার হয় সল্টলেকের দত্তাবাদের স্বর্ণব্যবসায়ী স্বপন কামিল্যার দেহ। অভিযোগ, তাঁকে অপহরণের পর খুন করা হয়। ওই মামলায় অভিযুক্ত হিসেবে উঠে আসে প্রশান্ত বর্মণের নাম। প্রথমে বারাসত ও বিধাননগর মহকুমা আদালত থেকে আগাম জামিন পেলেও, পরে জামিনের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টে যায় বিধাননগর পুলিশ। হাইকোর্ট আগাম জামিন খারিজ করে ২২ ডিসেম্বরের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেয়। কিন্তু সে নির্দেশ মানেননি প্রশান্ত। এরপর তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে বিধাননগর আদালত।
পরবর্তীতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন প্রশান্ত বর্মণ। বিচারপতি রাজেশ বিন্দল ও বিচারপতি বিজয় বিষ্ণোইয়ের বেঞ্চ তাঁকে ২৩ জানুয়ারির মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেয়। কিন্তু তারপর থেকেই তিনি কার্যত ‘ফেরার’ ছিলেন বলে দাবি পুলিশের। যদিও স্থানীয়দের একাংশের দাবি, গত কয়েক মাসে একাধিকবার নিউটাউনের বাড়িতে তাঁকে দেখা গিয়েছিল। অবশেষে সোমবার রাতের দুর্ঘটনার পর তাঁকে পুলিশের হাতে আটক হতে হলো।
❤ Support Us







