- দে । শ
- জুলাই ১২, ২০২৪
ঋণ মুকুব কৃষিজ পণ্যে নূন্যতম সহায়ক মূল্যের দাবিতে দেশের বিভিন্ন রাজ্যে এবার কৃষকদের কেন্দ্র বিরোধী আন্দোলন, শুরু প্রস্তুতি
উৎপাদিত পণ্যের নূন্যতম সহায়ক মূল্যের আইনি গ্যারান্টি, কৃষকদের ঋণ মুকুবের দাবিতে ফের আন্দোলনের পথে দেশের কৃষক সংগঠনগুলির মঞ্চ । মহারাষ্ট্র, হরিয়ানা, ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনের আগেই শুরু হবে তাদের আন্দোলন । কৃষকদের সম্মিলিত সংগঠন সংযুক্ত কিষান মোর্চা তরফে বৃহস্পতিবার ঘোষণা করা হয়েছে ভোটমুখী রাজ্যগুলিতে পদ্ম শিবিরের ছদ্ম মুখোশ খুলতে এবং তাদের জনবিরোধী নীতির বিরোধীতায় প্রচার করবেন তারা । সেখানে পদযাত্রা, মহাপঞ্চায়েতের আয়োজন করা হবে ।
২০২১ সালে তিন কৃষি আইনের বিরোধিতা করে দেশের রাজপথ স্তব্ধ করেছিলেন দেশের অন্নদাতারা । তারপর ২০২৪ এর লোকসভা ভোটের আগেও তাদের পদক্ষেপে কেন্দ্র রুদ্ধ করেছিল দিল্লি সীমান্ত । তাদের সংসদ অভিযান রুখতে নামিয়ে ছিল সশস্ত্র বাহিনী । ব্যারিকেড দিয়ে রুদ্ধ করেছিল পথ, ঘোষণা করেছিল মাসব্যাপী ১৪৪ ধারা । হরিয়ানা সীমান্তে কৃষকদের অনড় অবস্থান তুলতে বারবার ছুটে গিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রীরা । ২০২৪ এর লোকসভা ভোটেও কৃষকদের আন্দোলন ভালো বেগ দিয়েছে মোদির নেতৃত্বাধীন বিজেপিকে । দেশের ১৫৯টি গ্রামীণ লোকসভা কেন্দ্রে হেরেছে বিজেপি। খোয়াতে হয়েছে উত্তরপ্রদেশ, রাজস্থান ও মহারাষ্ট্রে ৩৮টি গ্রামীণ কেন্দ্র । পারজিত হয়েছেন গতমন্ত্রীসভার কৃষিমন্ত্রী অর্জুন মুন্ডা ।
কৃষকদের সম্মিলিত সংগঠন সংযুক্ত কিষান মোর্চা ঘোষণা করেছে, সংসদের বাজেট অধিবেশনের আগেই তারা তাদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, এবং লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধির সঙ্গে দেখা করে নিজেদের দাবিপত্র পেশ করবেন । এছাড়াও আগামী ৯ আগস্ট ‘ভারত ছাড়ো’ আন্দোলনের দিনে ‘কর্পোরেট ভারত ছাড়ো’ আন্দোলন দিবস হিসাবে পালন করবেন দেশের কৃষকরা । তাঁদের দাবি, ২০২১ এ সংযুক্ত কিষান মোর্চার সঙ্গে কেন্দ্রীয় সরকারের যে চুক্তি হয়েছিল সেই সব শর্তকেই মান্যতা দিতে হবে । কেন্দ্র এই দাবি না মানলে ফের আন্দোলনের রাস্তায় হাঁটবেন তাঁরা ।দেশ জুড়ে সেই আন্দোলনকে ছড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা । কৃষক নেতারা রাজ্যে রাজ্যে গিয়ে কেন্দ্র বিরোধী প্রচার চালাবেন ।
❤ Support Us





