Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • জুলাই ২৫, ২০২২

শপথ গ্রহণের পর, রাইসিনায় রাষ্ট্রপতি দ্রৌপদী

আরম্ভ ওয়েব ডেস্ক
শপথ গ্রহণের পর, রাইসিনায় রাষ্ট্রপতি দ্রৌপদী

দেশের প্রথম আদিবাসী ও সর্বকনিষ্ঠ রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন দ্রৌপদী মুর্মু । তাকে শপথ বাক্য পাঠ করান দেশের প্রধান বিচারপতি এনভি রমনা। শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে সেজে উঠেছিল সংসদ চত্ত্বর । উপস্থিত ছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ, উপ-রাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিশিষ্ট অতিথিবর্গ ।

১৯৫৮, ২০ জুন উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলার উপরবেদা গ্রামে, সাঁওতাল পরিবারে জন্ম দ্রৌপদী মুর্মু । গ্রামের প্রথম মহিলা হিসাবে কলেজের গণ্ডি পেরিয়ে সেদিন সবাইকে চমকে দিয়েছিলেন তিনি । কর্মজীবনের শুরু রায়রাংপুরের শ্রী অরবিন্দ ইন্টিগ্রাল এডুকেশন সেন্টারে একজন শিক্ষক হিসাবে । ১৯৯৭ সালে তিনি প্রথম রায়রাংপুর পঞ্চায়েত নির্বাচনে জয়ী হন । এরপর ২০০০ সালে উড়িষ্যা বিধানসভায় প্রথম জয় লাভ করেন । বিজেডি-বিজেপি জোট সরকারের শিল্প ও বাণিজ্য দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীর দায়িত্ব পান । এরপর ২০১৫ থেকে ২০২১ পর্যন্ত ঝাড়খণ্ডের প্রথম মহিলা গভর্নর হিসাবে তিনি দায়িত্ব সামলান ।

সংসদের সেন্ট্রাল হলে শপথ গ্রহণ অনুষ্ঠানের পর, ভারতের ১৫ তম রাষ্ট্রপতি হিসেবে,  জাতির উদ্দেশে তাঁর প্রথম ভাষণ দেন । ভাষণে তিনি বলেন, স্বাধীনতার ৭৫ তম বছরে দায়িত্ব রাষ্ট্রপতির দায়িত্ব পেয়ে আমি সম্মানিত । স্বাধীন ভারতে জন্মগ্রহণকারী আমিই দেশের প্রথম রাষ্ট্রপতি । আমি একটি ঐতিহাসিক সময়ে এই দায়িত্ব নিতে পেরে সম্মানিত । ভারতের সর্বোচ্চ সাংবিধানিক পদে নির্বাচিত হওয়ার জন্য আমি সমস্ত সাংসদ এবং বিধানসভার সমস্ত সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি । আপনার একটি ভোট দেশের কোটি কোটি নাগরিকের বিশ্বাসের বহিঃপ্রকাশ । তিনি আরও বলেন, তাঁর এই কৃতিত্ব, ভারতের প্রতিটি দরিদ্র মানুষের কৃতিত্ব এবং এটি কোটি কোটি নারীর ক্ষমতার প্রতিফলন । এমন এক সময়ে আমি এই দায়িত্ব পেলাম যখন ভারত আগামী ২৫ বছরের স্বপ্ন পূরণের প্রস্তুতি নিচ্ছে ।

২৬ জুলাই কার্গিল দিবস উপলক্ষে দেশের সেনাবাহিনীকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন , “মঙ্গলবার ২৬ জুলাই কার্গিল বিজয় দিবস । দিনটি ভারতীয় সেনাবাহিনীর বীরত্বের প্রতীক । আমি কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশের সশস্ত্র বাহিনী এবং দেশের সকল নাগরিককে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি” ।

এরপর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি ভবনের সামনে আনুষ্ঠানিক অভিবাদন গ্রহণ করেন। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!