- দে । শ প্রচ্ছদ রচনা
- মে ২৫, ২০২৬
রাষ্ট্রপতি ভবনে পদ্ম সম্মানের মহাসমারোহ! পদ্মশ্রী পেলেন প্রসেনজিৎ, ধর্মেন্দ্রকে মরণোত্তর পদ্মবিভূষণ
দিল্লির রাষ্ট্রপতি ভবনের রাজকীয় পরিবেশ, বিকেলের আলোয় যেন আরও গম্ভীর, আরও দীপ্ত হয়ে উঠল। দেশের সাংস্কৃতিক ও শিল্প-ঐতিহ্যের এক আবেগময় মহোৎসব; গৌরভ, আবেগ আর সম্মানের যুগলবন্দি। রাইসিনা হিলসের দরবার হলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দেশের কৃতি সন্তানদের হাতে তুলে দিলেন এবছরের পদ্ম সম্মান। একে একে সম্মানিত হলেন শিল্প, সাহিত্য, সংস্কৃতি, বিজ্ঞান, সমাজসেবা ও ক্রীড়াক্ষেত্রের কৃতি ব্যক্তিত্বরা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মনোনীতদের হাতে তুলে দেন এবছরের পদ্ম সম্মান। আগেই ঘোষণা করা হয়েছিল তালিকা, আর সে ঘোষণার পর সোমবার আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হলো পুরস্কার প্রদান।
অনুষ্ঠানের সবচেয়ে আবেগঘন মুহূর্ত নিঃসন্দেহে ছিল মরণোত্তর পদ্মবিভূষণে ভূষিত হিন্দি চলচ্চিত্রের কিংবদন্তি ধর্মেন্দ্র-কে ঘিরে। ‘শোলে’র বীরু, ‘চুপকে চুপকে’ কিংবা ‘ফুল অউর পাত্থর’-এর মতো অসংখ্য হিট ছবির মাধ্যমে যিনি ভারতীয় সিনেমার ইতিহাসে নিজের অবস্থান অমর করে গিয়েছেন, অভিনেতার হয়ে ‘পদ্মবিভূষণ’ গ্রহণ করেন তাঁর স্ত্রী হেমা মালিনী। সম্মান গ্রহণের মুহূর্তে নেমে আসে গভীর নীরবতা, আবেগ ছড়িয়ে পড়ে উপস্থিত দর্শকাসনেও। চোখের জল ধরে রাখতে পারেননি কন্যা এষা দেওল—পরিবারের গর্ব ও বেদনার এক মিশ্র অনুভূতি পরিবেশকে আচ্ছন্ন করে রাখে। পরে হেমা মালিনী জানান, এ সম্মান তাঁদের পরিবারের জন্য এক অত্যন্ত আবেগঘন মুহূর্ত, গোটা পরিবারই এই স্বীকৃতিতে গর্বিত, আর সানি ও ববি-সহ সকলে এই সম্মানকে নিয়ে সমানভাবে আবেগাপ্লুত।
চলতি বছরে মোট ১৩১টি পদ্ম পুরস্কার ঘোষণা করা হয়েছে, যার মধ্যে রয়েছে ৫টি পদ্মবিভূষণ, ১৩টি পদ্মভূষণ এবং ১১৩টি পদ্মশ্রী। রাষ্ট্রীয় স্তরের এই স্বীকৃতি বিভিন্ন ক্ষেত্রের অসামান্য অবদানের জন্য দেওয়া হয়—যেখানে শিল্প, সাহিত্য, সমাজসেবা, জননীতি, বিজ্ঞান ও প্রযুক্তি, চিকিৎসা, বাণিজ্য ও শিল্প এবং ক্রীড়ার মতো ক্ষেত্রগুলি অন্তর্ভুক্ত। এই তালিকায় পদ্মভূষণে ভূষিত হয়েছেন সংগীত জগতের প্রখ্যাত কণ্ঠশিল্পী অলকা ইয়াগনিক এবং মালায়ালাম চলচ্চিত্রের মহাতারকা মামুট্টি। পাশাপাশি ক্রীড়া জগতের দুই উজ্জ্বল নাম— ক্রিকেটার রোহিত শর্মা এবং মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কউর পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন। এবারের পদ্ম পুরস্কারের তালিকায় খেলার দুনিয়া থেকে একাধিক নাম রয়েছে। প্রাক্তন টেনিস তারকা বিজয় অমৃতরাজ পেয়েছেন পদ্মভূষণ। সাভিতা পুনিয়া, প্রবীণ কুমার, বলদেব সিং, ভাগবানদাস রাইকওয়ার এবং কে পজনিভেলের হাতে গেল পদ্মশ্রী।
বাংলা চলচ্চিত্র জগতের জন্য দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়-এর রাষ্ট্রীয় স্বীকৃতিতে। পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়ে তিনি ঘিয়ে রঙের ধুতি-পাঞ্জাবি পরে একেবারে বাঙালি ঐতিহ্যের আবহে রাষ্ট্রপতির হাত থেকে সম্মান গ্রহণ করেন। দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে ৩৫০টির বেশি চলচ্চিত্রে অভিনয় করে তিনি বাংলা সিনেমার গতিপথ বদলে দিয়েছেন বলে মনে করা হয়। ‘অমরসঙ্গী’, ‘উনিশে এপ্রিল’, ‘দোসর’, ‘জাতিস্মর’, ‘মনের মানুষ’, ‘২২ শ্রাবণ’-এর মতো ছবিগুলি তাঁর অভিনয়যাত্রাকে বিশেষ উচ্চতায় পৌঁছে দিয়েছে। এ বছরের পদ্ম তালিকায় আরও উল্লেখযোগ্য নাম হিসেবে রয়েছেন অভিনেতা ও পরিচালক আর মাধবন, যাঁকে চলচ্চিত্রে অবদানের জন্য পদ্মশ্রী প্রদান করা হয়েছে। একই সঙ্গে পদ্মশ্রী পেয়েছেন প্রয়াত নাট্যব্যক্তিত্ব হরিমাধব মুখোপাধ্যায় (মরণোত্তর) এবং দলিত সাহিত্যিক অশোককুমার হালদার-ও। এবারের তালিকায় উল্লেখযোগ্যভাবে রয়েছেন মোট ১১ জন বঙ্গবাসী, যাঁরা বিভিন্ন ক্ষেত্রে তাঁদের অবদানের স্বীকৃতি পেয়েছেন।
❤ Support Us





