- এই মুহূর্তে দে । শ
- ডিসেম্বর ২৮, ২০২৩
ইডির চার্জশিটে প্রিয়াঙ্কার নাম, লোকসভা নির্বাচনের মুখে বিপাকে কংগ্রেস
এবার ইডির নিশানায় কংগ্রেস নেত্রী গান্ধি বঢরা। আর্থিক প্রতারণা মামলায় ইডির চার্জশিটে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি বঢরার নাম এসেছে। এই প্রথম কোনও আর্থিক প্রতারণা মামলার চার্জশিটে প্রিয়াঙ্কার নাম উল্লেখ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রিয়াঙ্কার স্বামী রবার্ট বঢরার নামও রয়েছে ইডির এই চার্জশিটে।
যে মামলায় প্রিয়াঙ্কার বিরুদ্ধে চার্জশিট পেশ হয়েছে ওই মামলায় কুখ্যাত মিডলম্যান সঞ্জয় ভাণ্ডারী এবং প্রবাসী ব্যবসায়ী সিসি থাম্পির নামও রয়েছে। প্রিয়াঙ্কার বিরুদ্ধে মূল অভিযোগ, ২০০৫-২০০৬ সালে দিল্লির এক রিয়েল এস্টেট সংস্থা, এইচএল পাহওয়ার-এর কাছ থেকে তিনি হরিয়ানার ফরিদাবাদে ৫ একর কৃষি জমি বেআইনি ভাবে কিনেছেন এবং ২০১০ সালের ডিসেম্বর মাসে সেই জমি বিক্রিও করে দিয়েছিলেন বলে অভিযোগ। শুধু তাই নয়, একাধিক প্রতারণা মামলায় অভিযুক্ত প্রবাসী ব্যবসায়ী সিসি থাম্পির সঙ্গেও নাকি গভীর সম্পর্ক রয়েছে প্রিয়াঙ্কার এবং রবার্ট বঢরার।
সূত্রের খবর, ইডির ওই চার্জশিটে প্রিয়াঙ্কাকে অভিযুক্ত হিসাবেই দেখানো হয়েছে। রবার্ট বঢরাও ওই মামলায় অন্যতম অভিযুক্ত। রবার্টের নাম অবশ্য এই মামলায় আগেও জড়িয়েছে। রবার্টের ঘনিষ্ঠ দিল্লির ব্যবসায়ী মনোজ অরোরা এই আর্থিক প্রতারণা মামলার অন্যতম অভিযুক্ত। কুখ্যাত অস্ত্র ব্যবসায়ী সঞ্জয় ভাণ্ডারীর সঙ্গেও গান্ধি পরিবারের জামাতা রবার্টের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলেও ইডির অভিযোগ। প্রিয়াঙ্কার নাম এই চার্জশিটে প্রথমবার এল।
গান্ধি পরিবারের দুই সদস্য সোনিয়া এবং রাহুল গান্ধির নাম ইতিমধ্যেই ন্যাশনাল হেরাল্ড মামলায় ইডি এবং সিবিআইয়ের স্ক্যানারে এসেছে। রাহুল-সোনিয়াদের ইতিমধ্যে জেরার মুখেও পড়তে হয়েছে। এবার প্রিয়াঙ্কাকেও ইডির জেরার মুখোমুখি হতে হবে। লোকসভার আগে কংগ্রেসের জন্য প্রিয়াঙ্কাকে ইডির নিশানা করা বড় ধাক্কা বলে মনে করছে রাজনৈতিক অভিজ্ঞ মহল। এমনিতেই এবার লোকসভা নির্বাচনে খোদ নরেন্দ্র মোদির বিরুদ্ধে প্রিয়াঙ্কা গান্ধির প্রার্থী হওয়ার জল্পনা উস্কে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগেই কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কার ভাবমূর্তিতে ইডির এই চার্জশিট বড় রকমের সমস্যা সৃষ্টি করবে বলে মনে করা হচ্ছে।
প্রসঙ্গত, ২০২০ সালের জানুয়ারি মাসে গ্রেফতার হওয়া সিসি থাম্পি স্পষ্টভাবে ইডিকে জানিয়েছিলেন, তিনি ভঢরাকে ১০ বছরেরও বেশি সময় ধরে চেনেন এবং ভঢরার সঙ্গে সংযুক্ত আরব আমিরশাহির পাশাপাশি দিল্লিতেও তাঁরা বেশ কয়েকবার দেখা করেছেন।
❤ Support Us






