- দে । শ
- জানুয়ারি ১৫, ২০২৬
এসআইআর নিয়ে হয়রানির প্রতিবাদে অবরোধ বসিরহাট উত্তরে
এসআইআর শুনানিতে হয়রানির প্রতিবাদে ক্ষুব্ধ জনতা পথে নেমে ক্ষোভ উগরে দিল। রাস্তা অবরোধ করে চলল বিক্ষোভ। দাবি এসআইআর শুনানি নিয়ে হয়রানি বন্ধ করতে হবে। বুধবার, সন্ধ্যায় বসিরহাট উত্তর বিধানসভার নগর কচুয়া গ্রামে বেড়াচাঁপা বাদুড়িয়া রাস্তায় আগুন জ্বালিয়ে পথ অবরোধ করল এলাকার মানুষ। বিক্ষোভকারী হাসানুজ্জামান বলেন, আমরা কী বাংলাদেশি? কেন এভাবে আমাদের দৌড় করানো হচ্ছে। এসআইআর নামে ভন্ডামি করছে নির্বাচন কমিশন। বিজেপির নির্দেশ মত কাজ করা যাচ্ছে। যদি তারা চায় মুসলমানদের বাদ দেবে তাহলে বলে দিক। আমরা চাই সঠিক ভাবে এসআইআর হোক।
বিক্ষোভকারীদের অভিযোগ, ২০০২ সালে ভোটার তালিকায় নাম রয়েছে। প্রয়োজনীয় সব রকম নথি জমা দেওয়ার পরেও খসড়া ভোটার তালিকায় সামান্য অসঙ্গতি দেখেই শুনানির নোটিশ পাঠানো হচ্ছে। শুধু তাই নয় শুনানিতে গিয়ে আবার নথি জমা দেওয়ার পরে ফের শুনানিতে ডাকা হচ্ছে। এরই প্রতিবাদে এদিন কোন রাজনৈতিক দলের পতাকা ছাড়াই বিক্ষোভে শামিল গ্রামের মানুষ। বলেন, বার বার শুনানিতে গিয়ে ফিরে আসতে হচ্ছে। ওই প্রথমে ২৯২ পরে ১৩৩ জন ভোটার বাদ গেছে গ্রামে প্রায় সাড়ে ৪০০ ভোটার বাদ গেছে। গোলাম রসুল মণ্ডল বলেন, আমাদের ১৪ পুরুষের বাস এই গ্রামে। বৈধ ভোটার কেন বাদ দেওয়া হবে। বারবার শুনানিতে গিয়ে ফিরে আসতে হচ্ছে। গরিব মানুষ কাজ কামাই করে আমাদের গিয়ে ফিরে আসতে হচ্ছে। কেন এই হয়রানি। এসব বন্ধ হোক। নিয়ম মেনে এসআইআর করা হোক। অবরোধ তুলতে মাটিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রতিবেদন লেখা পর্যন্ত অবরোধ চলছে। এলাকার মানুষের দাবি বিডিওকে এসে এই হয়রানি বন্ধের আশ্বাস দিতে হব।
❤ Support Us






