Advertisement
  • দে । শ
  • মার্চ ৩১, ২০২৬

নথি জমা দিয়েও নাম বাদ, প্রতিবাদে অবরোধ ধরনা বসিরহাট উত্তরে

আরম্ভ ওয়েব ডেস্ক
নথি জমা দিয়েও নাম বাদ, প্রতিবাদে অবরোধ ধরনা বসিরহাট উত্তরে

সব নথি জমা দিয়েও তালিকা থেকে নাম বাদ । প্রতিবাদে পথে নামলেন বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রের মুরারীশাহ পঞ্চায়েতে রাজাপুর গ্রামের মানুষ।  টায়ার জ্বলিয়ে অবরোধ বসিরহাট–‌ন্যাজাট রাস্তা। বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রের হাসনাবাদ ব্লকের মুরাশাহ পঞ্চায়েতের রাজাপুর এলাকার ২০৭ নম্বর বুথে ১০৮৩ জন ভোটারের মধ্যে ২৫৭ জনের নাম বাদ গেছে  তালিকা থেকে। বাদ যাওয়া ভোটার, বিচারাধীন ভোটার এবং গ্রামের মানুষ এলাকার বিএলও ও নির্বাচন আধিকারিকদের সঙ্গে একাধিকবার আলোচনা করেও কোনো রকম আশ্বাস না পেয়ে বসিরহাট ন্যাজাট রোড অবরোধ করেন এলাকার মানুষ। রাস্তার ওপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ চলে দীর্ঘক্ষণ। ব্লক তৃণমূল সভাপতি এসকেন্দার গাজি বলেন, ‘‌ভারতের নাগরিকদের ভোটার হওয়ার সব রকম যোগ্যতা সত্বেও তাদের নাম বাদ দেওয়া হয়েছে। তাই তারা নিরুপায় হয়ে পথে নেমেছেন।’‌ তিনি বলেন, ‘‌নির্বাচন কমিশন বিজেপির অঙ্গুলি হেলনে চলছে। যাদের নাগরিকদের অধিকার সুরক্ষিত রাখা দরকার সেই নির্বাচন কমিশন মানুষের ভোটাধিকার হরণ করছে। আমরা সমস্ত রকম ভাবে মানুষের পাশে আছি।’‌ এদিন অবরোধ তুলতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে যায়।
অনষদিকে, ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ায় প্রতিবাদে মঞ্চ বেঁধে ধরনায় বসেছেন গ্রামের মানুষ। তালিকায় নাম না ওঠা পর্যন্ত প্রতিবাদ চলবে এবং সংশ্লিষ্ট বুথে ভোট বয়কটের হুঁশিয়ারি দিলেন হাবাসপুর গ্রামের মানুষ।

মঙ্গলবার সকাল থেকে বসিরহাট উত্তর বিধানসভা অন্তর্গত হাবাসপুর ব্রিজের কাছে স্থানীয় বাজারে রীতিমতো মঞ্চ তৈরি করে ধরণায় বসেছেন এলাকার বাতিল হওয়া ভোটাররা। মাখালগাছা পঞ্চায়েতের  ২৫২ ও ২৫৩ নম্বর বুথের ৬৫৫ জনের নাম সাপ্লিমেন্টারি তালিকা থেকে বাদ পড়েছে। প্রতিবাদে সরব হয়েছেন এলাকা বাসীরা। গত রবিবার প্রায় ৪ ঘণ্টা রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করেন গ্রামবাসীরা। বিএলও , বিডিও সহ ব্লক নির্বাচন দপ্তরে জানিয়েও সদুত্তর না পেয়ে আজ, মঙ্গলবার সকাল থেকেই রাস্তার পাশে  মঞ্চ তৈরি করে ধরণায় বসেন ভোটাররা। ধরণা মঞ্চ থেকে হুঁশিয়ারি দেন  সাপ্লিমেন্টারি তালিকা থেকে যে বৈধ ভোটারদের  নাম বাদ দেওয়া হয়েছে অবিলম্বে তাদের নাম ভোটার তালিকায় ফিরিয়ে আনতে হবে। নয়তো বৃহত্তর আন্দোলনের পাশাপাশি ভোট বয়কটের হুশিয়ারি দিয়েছেন এলাকার মানুষ।

  • Tags:
❤ Support Us
Advertisement
error: Content is protected !!