Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • ডিসেম্বর ১৫, ২০২৩

“স্মোক বম্ব” কাণ্ড ঘিরে ফের অশান্ত সংসদ, চলল ধর্না! সোমবার পর্যন্ত মুলতুবি অধিবেশন

আরম্ভ ওয়েব ডেস্ক
“স্মোক বম্ব” কাণ্ড ঘিরে ফের অশান্ত সংসদ, চলল ধর্না! সোমবার পর্যন্ত মুলতুবি অধিবেশন

বিরোধী সাংসদদের সাসপেন্ড করেও শুক্রবার ফিরল না সংসদে অধিবেশন চালাবার পরিস্থিতি। লোকসভায় “স্মোক বম্ব” কাণৃডের জেরে সংসদ চত্বরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে শুক্রবারও দিনভর বিক্ষোভ দেখালেন বিরোধী সাংসদেরা। দফায় দফায় অশান্তির জেরে শেষে সোমবার পর্যন্ত মুলতুবি হয়ে গেল লোকসভা এবং রাজ্যসভার অধিবেশন।

শুক্রবার সংসদের ভবনের সামনেও  বিক্ষোভ দেখিয়েছেন বিজেপি বিরোধী  “ইন্ডিয়া” জোটের সাংসদেরা।  বৃহস্পতিবার সাংসদদের সাসপেন্ড করা হয়েছেন সেই সাংসদরাও উপস্থিত ছিলেন। বিরোধী সাংসদদের দাবি, বুধবার সংসদে হামলা নিয়ে শীতকালীন অধিবেশনে বিবৃতি দিতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত সংসদের বর্তমান শীতকালীন অধিবেশন চলার কথা। তবে ১৫ জন বিরোধী সাংসদকে সাসপেন্ড জেরে অধিবেশনের বাকি দিনগুলিতেও সংসদে অধিবেশন চলা এক কথায় অসম্ভব হয়ে উঠছে।

গত ২৮ মে বিপুল সমারোহে নতুন সংসদ ভবনের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী মোদি। সেপ্টেম্বরে গণেশ চতুর্থী তিথিতে অধিবেশন শুরু হয়েছিল নতুন ভবনে। কিন্তু তার তিন মাসের মধ্যেই সুরক্ষার গুরুতর গাফিলতি দেখা গেল সেখানে। বুধবার তিন স্তরের সুরক্ষা বলয় টপকে কী ভাবে চার বিক্ষোভকারী ভবনের সংরক্ষিত এলাকায় পৌঁছে গেলেন, এমনকি তাঁদের মধ্যে দু’জন লোকসভার অধিবেশনে ঢুকে দর্শক আসন থেকে ফ্লোরে ঝাঁপিয়ে পড়ার সুযোগ পেলেন, তা নিয়ে বৃহস্পতিবার লোকসভা এবং রাজ্যসভায় সরব হন বিরোধী জোট ‘ইন্ডিয়া’র সাংসদেরা। শাহের বিবৃতি দাবি করে সংসদের উভয় কক্ষেই ওয়েলে নেমে স্লোগান দেন বিরোধী সাংসদেরা।

বিক্ষোভ সামাল দিতে না-পেরে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় শীতকালীন অধিবেশনের বাকি সমস্ত অধিবেশনের  জন্য তৃণমূলের সাংসদ ডেরেক ও’ব্রায়েনকে সাসপেন্ড করেন। লোকসভায় সাসপেন্ড করা হয় ১৪ জন সাংসদকে। তাঁদের মধ্যে কংগ্রেসের ন’জন, সিপিএমের দু’জন, ডিএমকের দু’জন এবং সিপিআইয়ের এক সাংসদ রয়েছেন। এই পরিস্থিতিতে শুক্রবার অধিবেশন শুরুর আগে সংসদ ভবনের বাইরে বিক্ষোভ দেখান বিরোধীরা। অধিবেশন শুরুর পরে মোদি-শাহের বিবৃতির দাবিতে ওয়েলে নেমে শুরু হয় তুমুল বিক্ষোভ। পাল্টা স্লোগান ওঠে বিজেপির বেঞ্চ থেকেও। অশান্তির জেরে প্রথমে বেলা ১২টা, তার পরে ২টো, শেষে সোমবার পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয় লোকসভা এবং রাজ্যসভার অধিবেশন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!