Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • এপ্রিল ২৭, ২০২৩

‌প্রধানমন্ত্রীকে ‘‌মন কি ‌বাত’‌ শোনার আর্জি প্রতিবাদী কুস্তিগীরদের

আরম্ভ ওয়েব ডেস্ক
‌প্রধানমন্ত্রীকে ‘‌মন কি ‌বাত’‌ শোনার আর্জি প্রতিবাদী কুস্তিগীরদের

ব্রিজভূষণ শরণ সিং ইস্যুতে কেন্দ্রীয় সরকারের সঙ্গে কুস্তিগীরদের লড়াই ক্রমশ বেড়েই চলেছে। তাঁর সঙ্গে এখনও পর্যন্ত কোনও কেন্দ্রীয় মন্ত্রী যোগাযোগ না করায় ক্ষুব্ধ কুস্তিগীররা। এবার প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার পরিকল্পনা করেছেন বজরং পুনিয়া, ভিনেশ ফোগাট, সাক্ষী মালিকরা। প্রধানমন্ত্রীর কাছে কুস্তিগীরদের আর্জি, এবার তিনি কুস্তিগীরদের ‘‌মন কি বাত’ শুনুন। ‌

অলিম্পিকে পদকজয়ী কুস্তিগীর সাক্ষী মালিক বলেন, ‘‌দেশের হয়ে পদক জিতে ফিরলে প্রধানমন্ত্রী আমাদের সংবর্ধনা দেন। ছবি তোলেন। কিন্তু সেই পদকজয়ীরাই যখন রাস্তায় বসে প্রতিবাদে সামিল হচ্ছেন, তখন প্রধানমন্ত্রী চোখ বন্ধ করে রয়েছেন। প্রধানমন্ত্রী মোদী স্যার বারবার বেটি বাঁচাও, বেটি পড়াওয়ের কথা বলেন। সকলের মন কি বাত শোনেন। তিনি কি আমাদের মন কি বাত শুনবেন?’‌

তাঁদের কথা শোনার আর্জি জানিয়ে সাক্ষী আরও বলেন, ‘‌আমরা পদক জিতলে প্রধানমন্ত্রী বাসভবনে আমাদের আমন্ত্রণ করে সম্মান দেন। আমাদের নিজের কন্যা বলে অভিহিত করেন। তাই তাঁর কাছে আজ আমরা আর্জি জানাচ্ছি, আমাদের মনের কথা শোনার জন্য। কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিও কেন চুপ? আমরা রাস্তায় শুয়ে রয়েছি, মশার কামড় খাচ্ছি। খাবার তৈরি বা অনুশীলন করার অনুমতিও দিচ্ছে না দিল্লি পুলিশ।’‌
আর এক কুস্তিগীর ভিনেশ ফোগাট বলেন, ‘‌প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠান করেন। আর আমাদের মনের কথা শোনার মতো এক মিনিট সময়ও কি প্রধানমন্ত্রীর কাছে নেই?‌ আমরা মৃতপ্রায় হয়ে গেছি। আশা করছি এবার আমাদের কথা প্রধানমন্ত্রীর কানে পৌঁছবে।’‌ ভিনেশ ফোগাট মনে করেন, এখনও কুস্তিগীরদের বক্তব্যের সত্যতা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অন্ধকারে রাখা হয়েছে। সে কারণে তাঁর সঙ্গে দেখা করে সমস্যাগুলি তুলে ধরতে চান কুস্তিগীররা। প্রধানমন্ত্রীর বা দফতরের ফোন নম্বর না থাকায় সংবাদমাধ্যমের মাধ্যমেই এই আর্জি জানিয়েছেন কুস্তিগীররা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!