- এই মুহূর্তে দে । শ
- ফেব্রুয়ারি ২৭, ২০২৫
পুনের যৌন নির্যাতনে অভিযুক্ত লুকিয়ে আখক্ষেতে, ড্রোন উড়িয়ে চলছে চিরুনিতল্লাশি
পুনেতে তরুণী মহিলাকে যৌন নির্যাতন কাণ্ডে অভিযুক্ত যুবকের ছবি প্রকাশ করেছে পুলিশ। তাঁকে ধরিয়ে দিতে পারলে আর্থিক পুরষ্কারেরও ঘোষণা করা হয়। আখক্ষেতে লুকিয়ে থাকতে পারে অভিযুক্ত- ড্রোন উড়িয়ে চিরুনিতল্লাশী চালাচ্ছে পুলিশ। উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে নির্যাতিতা মহিলার ন্যায়বিচারের প্রতিশ্রুতি দিয়েছেন, অভিযুক্তের ফাঁসির দাবি তুলেছেন তিনি।
স্বরগেট বাস টার্মিনাসে গতকাল ভোর ৫ টায় যৌন নির্যাতনের শিকার হয়েছিলেন এক মহিলা। ফাঁকা বাসে তাঁর উপর অত্যাচার চালানো হয়েছে, অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দত্তাত্রেয় রামদাস গাড়ে নামক এক ব্যক্তিকে সনাক্ত করে পুলিশ। অভিযুক্তকে খুঁজতে পুলিশের ১৩ সদস্যের বিশেষ দল গঠন করা হয়। কিন্তু ঘটনার ৫০ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো হদিশ মেলেনি ওই যুবকের। ইতিমধ্যে অভিযুক্তের ছবি প্রকাশ করেছে পুলিশ, সঙ্গে খোঁজ দিতে পারলে ১ লক্ষ টাকা পুরস্কারের ঘোষণা করা হয়েছে প্রশাসনের তরফে। এবার আখক্ষেতে রামদাস লুকিয়ে থাকতে পারে, এই সন্দেহে ড্রোনের সাহায্যে তল্লাশি চালানো হচ্ছে। এই ঘটনায় নিরাপত্তায় গাফিলতির অভিযোগে বরখাস্ত করা হয়েছে পুণের বাস ডিপোর ম্যানেজার-সহ ২৩ জন নিরাপত্তা কর্মীকে।
পুলিশ সূত্রে খবর, যৌন নির্যাতনে অভিযুক্ত ব্যক্তি, সবজিবহকারী একটি ট্রাকে লুকিয়ে পালিয়ে গিয়ে, তাঁর শহরের কাছে আখক্ষেতে আশ্রয় নিয়েছে। একটি জমির কাছে তাঁর জামা, জুতোর হদিশ মিলেছে। আখজমিতে ফসলের চাপে মানুষের চলাচলে সমস্যা হয়। যার ফলে পুলিশের দলগুলির পায়ে হেঁটে সেখানে অনুসন্ধান চালানো মুশকিল। তাই স্নিফার ডগ ও ড্রোনের সাহায্যে অভিযুক্তের ডেরা নিশ্চিত করতে চাইছে পুলিশ। অভিযুক্ত, দত্তাত্রেয় রামদাসের বিরুদ্ধে এর আগেও চুরি ডাকাতি, ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। গ্রেপ্তারও হয়েছিলেন, ২০১৯ সালে জামিনে রয়েছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী যোগেশ কাদম, আজ সকালেই বলেছিলেন, রামদাসের ‘সম্ভাব্য অবস্থান’ খুঁজে পাওয়া গেছে। উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে নির্যাতিতা মহিলার ন্যায়বিচারের প্রতিশ্রুতি দিয়েছেন, অভিযুক্তের ফাঁসির দাবি তুলেছেন তিনি। তিনি বলেন, ‘এ ধরনের লোকদের ফাঁসি দেওয়া উচিত।’ অজিত পাওয়ারও মৃতুদণ্ডের সপক্ষেই বক্তব্য রেখেছেন। অন্যদিকে, এই ঘটনায় মহারাষ্ট্রের রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে। পুনেতে ক্রমবর্ধমান অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস, যিনি স্বরাষ্ট্র দপ্তরও নিয়ন্ত্রণ করেন তাঁকে দায়ী করেছেন বিরোধীরা। কংগ্রেস, এনসিপি ও উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা ঘটনার প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করেছে। স্বরগেট বাসস্ট্যান্ডের অফিসে ভাঙচুর চালিয়েছে শিবসেনাকর্মীরা। সমাজকর্মী তৃপ্তি দেশাই এ ঘটনার প্রতিক্রিয়ায় ‘পুনে পুলিশ কোনো কাজের নয়’ — বলে অভিযোগ জানিয়েছেন। বৃহস্পতিবার ঘটনাস্থলে যাওয়ার পথে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী যোগেশ কাদমের কনভয়কে থামানোর চেষ্টা করেন তিনি। তৃপ্তি ও তাঁর সমর্থকদের আটক করে পুলিশ। দেশাই সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা ভয়ংকর ঘটনার প্রতিবাদে আওয়াজ তুলেছিলাম। যোগেশ কদমের সাথে দেখা করতে চেয়েছিলাম, কারণ তিনি স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা তাঁকে জিজ্ঞেস করতে চাই, কেন এই ঘটনাগুলি বারবার ঘটছে ?’ পুনের ঘটনায় মহারাষ্ট্র স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের দুর্বল নিরাপত্তা ব্যবস্থা প্রশ্নের মুখে পড়েছে।
❤ Support Us







