Advertisement
  • দে । শ
  • জুন ৩০, ২০২৩

অস্ত্র ছেড়ে এবার হাতে কলম, ভিন্ন মেজাজে রুশ রাষ্ট্রপতি

আরম্ভ ওয়েব ডেস্ক
অস্ত্র ছেড়ে এবার হাতে কলম, ভিন্ন মেজাজে রুশ রাষ্ট্রপতি

ওয়াগনার পর্বের রেশ কাটিয়ে সম্পূর্ণ অন্য মেজাজে ধরা দিলেন ভ্লাদিমির পুতিন। মস্কোতে প্রযুক্তিপণ্যের প্রদর্শনীতে কলম হাতে দেশের রাষ্ট্রপতিকে ভিন্ন রূপেই দেখলেন সাধারণ মানুষ। একটি স্মার্ট বোর্ডে ফুটিয়ে তুললেন বড় কানওয়ালা হাস্যোজ্জ্বল মুখের বিচিত্র এক অবয়ব। যা দেখে উপস্থিত দর্শক ও কর্মকর্তারাও হতবাক। অনেকেই এছবি মুঠোফোনে বন্দী করেছেন, শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে। সেখানে তা ছড়িয়ে পড়তেই ভাইরাল। নেট নাগরিকদের অনেকেই তাঁর এমন বিরল প্রতিভার প্রশংসা করেছেন।

বৃহস্পতিবার নেক্সটাচ কোম্পানির প্রদর্শিত টাচস্ক্রিনের সর্বশেষ প্রযুক্তি দেখতে মস্কোর একটি বিপণিতে উপস্থিত হয়েছিলেন ভ্লাদিমির। সামাজিক মাধ্যমে প্রচারিত ভিডিও চিত্রে দেখা গেছে, গণিতের সমীকরণ লেখা একটি সাদা বোর্ডের কাছে এসে একটি কার্টুন আঁকেন তিনি। আসলে নেক্সটাচ প্রতিষ্ঠানটির কার্যনির্বাহী আধিকারিক যখন অটোগ্রাফ চান, তখন তিনি চিত্রাঙ্কনের জন্য কলম হাতে তুলে নেন। কার্টুনটি আঁকার পর নিচে নিজের নাম লিখেছেন পুতিন। উপস্থিত দর্শকদের অনেকেই বিষয়টি দেখে হাততালি দিয়ে বাহবা দিতে থাকেন। টুইটে ভিডিও পোস্ট করা হলে সেখানেও বেশ ভালো সাড়া পাওয়া যায়। অনেকেই মন্তব্য করেন, তাঁর আঁকা কার্টুনটিকে মার্কিন কোন টেলি সিরিজের কমিক চরিত্রের মতো।

মানুষের নিত্যনৈমিত্তিক কর্মব্যস্ততা তাঁর সুপ্ত  প্রতিভাকে অনেক সময়ই সামনে আসতে দেয় না।  আর বিশাল দেশের দায়িত্ব যার কাঁধে রয়েছে তিনি সচরাচর অবসর পান না  নিজের অন্তর্নিহিত গুনের চর্চা  অব্যাহত রাখার। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী  অসাধারণ কবি ছিলেন। কিন্তু  প্রধানমন্ত্রীত্বর চাপ তাঁর কবিপ্রতিভাকে  আশানুরূপভাবে বিকশিত হতে দেয়নি। রুশ প্রেসিডেণ্ট  পুতিন বহু ঝঞ্ঝার মধ্যে দিয়ে জীবনে অগ্রসর হয়েছেন, এখনও হচ্ছেন। আন্তর্জাতিক মহলে  নিজের শত্রুদের বিরুদ্ধে বরাবরই  তীক্ষ্ণ ও  উদ্ধত তিনি।  তাই তাঁর  চিত্রাঙ্কনের বিরল  দৃশ্য তাঁকে অন্যরূপে সকলের সামনে তুলে ধরল।

 


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!