Advertisement
  • দে । শ
  • জানুয়ারি ১০, ২০২৬

কোচবিহার পুরসভার পুরপ্রধান রবীন্দ্রনাথ ঘোষের পদত্যাগ, রাজনৈতিক জল্পনা তুঙ্গে

আরম্ভ ওয়েব ডেস্ক
কোচবিহার পুরসভার পুরপ্রধান রবীন্দ্রনাথ ঘোষের পদত্যাগ, রাজনৈতিক জল্পনা তুঙ্গে

কোচবিহার পুরসভার পুরপ্রধান রবীন্দ্রনাথ ঘোষ হঠাৎ পদত্যাগ করেছেন। শনিবার তিনি মহকুমা শাসকের কাছে পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগের কারণ এখনও তিনি প্রকাশ করেননি। তবে রাজনৈতিক মহলে এ নিয়ে নানা জল্পনা ইতোমধ্যেই শুরু হয়েছে।

বর্তমানে রবীন্দ্রনাথ ঘোষ কোচবিহার উত্তর, নাটাবাড়ি ও তুফানগঞ্জ পুরসভার তৃণমূলের কো-অর্ডিনেটর। প্রায় এক মাস আগে কোচবিহারের তিনটি পুরসভায় রদবদল হয়েছে। তুফানগঞ্জের ভাইস চেয়ারম্যান, মাথাভাঙার চেয়ারম্যান এবং হলদিবাড়ির চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পরিবর্তিত হয়েছেন। সেই সময় সূত্রের খবর অনুযায়ী, কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষকে পদত্যাগ করতে বলা হয়েছিল। তবে তিনি বেঁকে বসেন এবং কোচবিহার জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিককে সাফ জানিয়ে দেন, তিনি পদত্যাগ করবেন না। তিনি উল্লেখ করেছিলেন, মুখ্যমন্ত্রী বা রাজ্য নেতৃত্বের নির্দেশে অবশ্যই পদত্যাগের বিষয়ে ভাববেন।

এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহার সফর করেন এবং সেই সময়ে রবীন্দ্রনাথ ঘোষের সঙ্গে কথা বলেন। মিলেমিশে কাজ করার বার্তাও দেন তিনি। সম্প্রতি রবীন্দ্রনাথ ঘোষ কলকাতায় গিয়েছিলেন এবং দলের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকও করেন। কোচবিহারে ফেরার মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই তিনি পদত্যাগ করেন।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, পদত্যাগের পেছনে কয়েকটি কারণ থাকতে পারে। রবীন্দ্রনাথ ঘোষের নেতৃত্বাধীন জেলা তৃণমূল সাম্প্রতিক বিধানসভা ও লোকসভা ভোটে ভালো ফলাফল করতে পারেনি। এছাড়া কোচবিহার শহরে কর বৃদ্ধি নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে সংঘাত সৃষ্টি হয়, যা নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি সতর্ক করেছিলেন। তা সত্ত্বেও পরিস্থিতিতে কোনও পরিবর্তন না হওয়ায় ক্ষোভের সৃষ্টি হয়।

রাজনৈতিক মহলে বলা হচ্ছে, এবার নতুন চেয়ারম্যানকে দায়িত্বে এনে কোচবিহারের ভোট অঙ্ক পরিবর্তনের চেষ্টা হতে পারে। পদত্যাগের পর ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিলীপ সাহা চেয়ারম্যান হতে পারেন। তবে এখনো দলের তরফে চূড়ান্ত ঘোষণা করা হয়নি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!