- এই মুহূর্তে দে । শ
- ডিসেম্বর ৫, ২০২৩
গোবলয়ের তিন রাজ্যে ভরাডুবির পরই বিদেশ যাচ্ছেন রাহুল, কংগ্রেসে অসন্তোষের ছায়া
রবিবার, সদ্য গোবলয়ের তিন রাজ্যে কংগ্রেসের ভরাডুবি হয়েছে। এদিকে দলের পরাজয়ের ময়নাতদন্ত না করেই শুক্রবার বিদেশে পারি দিচ্ছেন রাহুল গান্ধি। কংগ্রেস সূত্রের খবর, আগামী ৮ ডিসেম্বর রাহুল ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর এবং মালয়েশিয়া সফরে যাচ্ছেন। তবে এবার রাহুল গান্ধি আর ব্যক্তিগত সময় কাটাতে বা বেড়াতে যাচ্ছেন না। তিনি যাচ্ছেন পূর্বনির্ধারিত কর্মসূচি মেনেই।
কংগ্রেস সূত্রের খবর, আগামী ৮ ডিসেম্বর রাহুল কুয়ালা লামপুর পৌঁছবেন। সেখানে থাকবেন ১০ ডিসেম্বর পর্যন্ত। তার পর সেখান থেকে যাবেন, সিঙ্গাপুর। সেখানে প্রাক্তন কংগ্রেস সভাপতি থাকবেন ১২ ডিসেম্বর পর্যন্ত। সিঙ্গাপুর থেকে সোজা জাকার্তা যাবেন কংগ্রেস নেতা। মোট কথা প্রায় সপ্তাহখানেক বিদেশেই থাকবেন রাহুল। অর্থাৎ দলের বিপর্যয়ের পর সংসদের শীতকালীন অধিনবেশনেও থাকবেন না কংগ্রেসের এই সাংসদ।
সদ্য ৩ রাজ্যে ভরাডুবি হয়েছে কংগ্রেসের। সাফল্যও এসেছে এক রাজ্যে। হিন্দি বলয়ে এই ভরাডুবি কংগ্রেসের জন্য প্রত্যাশিত ছিল না। এই পরাজয়ের পর দলের অন্দরেই “কঠিন” সিদ্ধান্ত নেওয়ার দাবি উঠছে। কংগ্রেস শীর্ষ নেতৃত্বের ধারণা, ভুপেশ বাঘেল, অশোক গেহলট এবং কমল নাথরা দলকে বিপথে চালনা করেছেন। বাস্তবের মাটিতে দলের অবস্থা ঠিক কী সেটা বুঝতেই দেননি শীর্ষনেতাদের। এমনকী দলের হাই কম্যান্ডকেও ভোট প্রক্রিয়ায় নাক গলাতে দেননি। কংগ্রেসের অন্দরে এই নিয়ে সুর চড়ছে, কেউ কেউ বলছেন, এই সব পুরনো নেতাদের এবার ছুটি দেওয়া হোক।
কিন্তু কংগ্রেসের প্রবীণদের কব্জা করার কাজটা সহজ নয়। মল্লিকার্জুন খাড়গের একার পক্ষে তো নয়ই। রাহুল পাশে থাকলে এই কঠিন সিদ্ধান্তগুলি বুঝে নেওয়া হয়তো সহজ হত খাড়গের পক্ষে। কিন্তু এই কঠিন সময়ে রাহুল গান্ধি দলের পাশে থাকলেন না, থাকলেন না খাড়গের পাশেও। যা নিয়ে দলের অন্দরে গুঞ্জন শুরু হয়েছে। প্রশ্ন উঠছে লোকসভা নির্বাচনের আগে দল না গুছিয়ে রাহুল গান্ধি বিদেশ সফরে যাচ্ছেন কেন?
❤ Support Us






