- এই মুহূর্তে দে । শ
- অক্টোবর ২৩, ২০২৫
মধ্যরাতে বিস্ফোরণ, কোকরাঝাড়ে উড়ল লাইন
অসমে ভয়াবহ বিস্ফোরণে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের আলিপুরদুয়ার ডিভিশনে রেল পরিষেবা সাময়িক বন্ধ থাকার পর ফের চালু হলো। বুধবার মাঝরাতে অসমের বোরোল্যান্ড টেরিটোরিয়াল এলাকার সলাকাঠি এবং কোকরাঝাড়ের মধ্যে রেললাইনে এই বিস্ফোরণ ঘটে। প্রাথমিকভাবে ধারণা আইইডি-র মাধ্যমে এই বিস্ফোরণটি ঘটানো হয়েছে। বিস্ফোরণের ফলে রেল লাইনের কিছু অংশ উড়ে গিয়েছে।
বুধবার রাত একটা নাগাদ ইউপি আজারা সুগার মালবাহী একটা ট্রেন ওই রেলপথ ধরে যাচ্ছিল। সেই সময়ই এই বিস্ফোরণের ঘটনা ঘটে। মাল গাড়ির গার্ড হঠাৎ প্রচন্ড শব্দ পান এবং মালগাড়িতে ঝাঁকুনি অনুভব করেন। জরুরি ভিত্তিতে ব্রেক কষে চালক মাল গাড়িটি থামিয়ে দেন। সঙ্গে সঙ্গে তিনি কোকড়াঝাড় স্টেশন ম্যানেজারকে বিস্ফোরণের কথা জানান।
বিস্ফোরণের খবর পেয়েই রেলওয়ে সুরক্ষা বাহিনী, অসম পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। যদিও এই বিস্ফোরণে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। বিস্ফোরণের ফলে আটটিরও বেশি ট্রেন আটকে পড়ে। যার ফলে রেল পরিষেবা সাময়িকভাবে ব্যাহত হয়।
বিস্ফোরণের পর বৃহস্পতিবার ভোরেই ইঞ্জিনিয়ারদের নিয়ে রেল কর্তারা ঘটনাস্থলে পৌঁছন। এরপর রেললাইন মেরামতির কাজ শুরু হয়। দ্রুত গতিতে রেললাইন মেরামতির কাজ সম্পন্ন হয়। ভোর সাড়ে পাঁচটা নাগাদ লাইন ট্রেন চলাচলের উপযুক্ত হয়ে ওঠে। এর কিছুক্ষণ পরেই ওই লাইনে স্বাভাবিক রেল চলাচল শুরু হয়। আরপিএফ, অসম পুলিশ গোয়েন্দা সংস্থাসহ নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে ছুটে যায় এবং পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।
উত্তর-পূর্ব রেলওয়ের এক ঊর্ধ্বতন কর্তা বলেছেন, “এই ঘটনাকে আমরা যথেষ্ট গুরুত্বসহকারে বিবেচনা করছি। কারা এই বিস্ফোরণ ঘটিয়েছে তা খুঁজে বার করতে জোরদার তদন্ত শুরু হয়েছে। যাত্রী এবং রেলওয়ে নিরাপত্তা নিশ্চিত করতে আরপিএফ, অসম পুলিশ এবং গোয়েন্দা সংস্থা একযোগে কাজ করছে।”
এই বিস্ফোরণের ঘটনা বোরোল্যান্ড অঞ্চলের পরিকাঠামোর দুর্বলতাকে তুলে ধরেছে। রেলওয়ে কর্তৃপক্ষ এখনও পর্যন্ত হামলার উদ্দেশ্য এবং এর পেছনে কারা রয়েছে তা নিশ্চিত করতে পারেনি। এখনও পর্যন্ত কোনও সংগঠনও এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি।
❤ Support Us







