- এই মুহূর্তে দে । শ
- মার্চ ৩১, ২০২৬
দক্ষিণবঙ্গের ৬ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস, উত্তরে ভারী বর্ষণ ও শিলাবৃষ্টির আশঙ্কা। বাড়বে তাপমাত্রা ও অস্বস্তি
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রবল ঝড়বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। সকাল থেকেই আকাশ মেঘলা থাকবে এবং বিকেলের পর থেকে ফের রাজ্যজুড়ে ঝড়বৃষ্টি শুরু হতে পারে। উত্তরবঙ্গেও বৃষ্টির প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, নদিয়া ও বাঁকুড়া জেলায় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেখানে দমকা হাওয়ার গতি হতে পারে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা।
বুধবার ঝড়বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমবে। ওইদিন হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। এর পর থেকেই তাপমাত্রা ক্রমশ বাড়তে শুরু করবে। শুক্রবার ও শনিবারের মধ্যে কলকাতার তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে।
মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াস এবং সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৫ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আপেক্ষিক আর্দ্রতা ৫৯ থেকে ৯৩ শতাংশের মধ্যে ঘোরাফেরা করছে, ফলে অস্বস্তি বাড়বে। সোমবার ৪.৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
অন্যদিকে, পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে এপ্রিলের প্রথম সপ্তাহেই তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে, ফলে গরম ও অস্বস্তিকর আবহাওয়া তৈরি হবে।
উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এসব এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।
দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও মালদহ-সহ উত্তরবঙ্গের অন্যান্য জেলায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। বুধবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বৃষ্টি হতে পারে, সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে।
তবে বৃহস্পতিবার ও শুক্রবার উত্তরবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা কমবে এবং তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে।
❤ Support Us







