- এই মুহূর্তে দে । শ
- আগস্ট ১৪, ২০২৩
স্বপ্নদীপের মৃত্যুতে দোষীদের দৃষ্টান্তমূলক সাজা চেয়ে শহরে ছাত্র সংগঠনের মিছিল
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর মৃত্যুর ঘটনায় সোমবার কলকাতা জুড়ে প্রতিবাদ মিছিলে উত্তাল হল। সব মিছিলের একটাই দাবি, প্রকৃত দোষীর সাজা চাই। ঢাকুরিয়া থেকে যাদবপুর এইট বি পর্যন্ত মিছিল করে তৃণমূল ছাত্র পরিষদ, পার্ক সার্কাস থেকে পদ্মপুকুর মিছিল করে আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। কলেজস্ট্রিট থেকে মিছিল করে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের এসএফআই।
এদিন ঢাকুরিয়া থেকে যাদবপুর এইট-বি বাস স্ট্যান্ড পর্যন্ত কালো পতাকা, হাতে প্রদীপ ও কপালে স্বপ্ন লিখে বিশাল মিছিল করে তৃণমূল ছাত্র পরিষদ। এই মিছিলে তৃণমূল শিক্ষক সংগঠনও ছিল। এছাড়াও তৃণমূল দলের কর্মীরা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেটের সামনে একটি অস্থায়ী মঞ্চ তৈরি করে এখানে বক্তব্য রাখেন তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক তৃনাঙ্কুর ভট্টাচার্য। তৃনাঙ্কুর বলেন, “একটা স্বপ্নকে আমরা হারালাম। আজ মাও, মাকু, নকশাল যা করল তাতে আমরা যা হারালাম তা ফিরে আসবে না। সিসি টিভি যারা লাগাতে দেয়নি কেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না? যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অনেক অধ্যাপক এই মিছিল ও প্রতিবাদ সভায় যোগ দেন।”
তৃণমূূল ছাত্র পরিষদের মিছিলে স্বপ্নদীপের মৃত্যুর কঠিন সাজা দাবি করে। অসংখ্য ছাত্রছাত্রী ও শিক্ষক,প্রাক্তনী এই মিছিলে পা মেলান।
পার্ক সার্কাস থেকে আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা জাতীয় পতাকা নিয়ে বিশাল মিছিল করেন এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ও অধ্যাপকদের একাংশ ও প্রাক্তনীরা। জাতীয় পতাকা নিয়ে মিছিল থেকে স্বপ্নদীপের মৃত্যুতে দোষীদের কঠিন সাজার দাবি উঠেছে।
এদিকে কলেজস্ট্রিটে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের এসএফআই ইউনিট রাস্তা অবরোধ করে। এসএফআই-র তরফে দাবি জানানো হয়, তৃণমূল-বিজেপির সঙ্গে বাইরে যারা সম্পর্ক রাখে তাঁরাই হস্টেলে দাদাগিরি করে।
এদিকে সোমবার সিপিএম মুখপত্র গণশক্তি পত্রিকায় যাদবপুরের ছাত্রমৃত্যুর ঘটনা নিয়ে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে তাতে সিসি টিভির প্রসঙ্গে একটি শব্দ লেখা হয়নি। অন্যদিকে এসএফআই গতকাল দাবি করে সিসি টিভি লাগানো যাবে না ক্যাম্পাসে। গণশক্তির এই প্রতিবেদনে প্রশ্ন থেকে যাচ্ছে, সিপিএম কোনও ভাবেই এসএফআই-র সিসি টিভি বসাতে না দেওয়ার দাবি তাহলে কী সমর্থন করে না? এটা হলে মূল দল সিপিএমের সঙ্গে এসএফআই-র ক্যাম্পাসে সিসি টিভি বসানোর ক্ষেত্রে অবস্থান আলাদা হয়ে যাচ্ছে। পাশাপাশি সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন স্বপ্নদীপের মৃত্যুর ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে খুনের ধারায় মামলা রুজু করতে হবে।
❤ Support Us






