Advertisement
  • দে । শ
  • নভেম্বর ৮, ২০২৪

স্কুলের জমি বিক্রির অভিযোগ ! রাজ্যের মন্ত্রীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ চাইলেন কেন্দ্রীয় মন্ত্রী। প্রতিবাদে মিছিল পূর্বস্থলীতে

আরম্ভ ওয়েব ডেস্ক
স্কুলের জমি বিক্রির অভিযোগ ! রাজ্যের মন্ত্রীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ চাইলেন কেন্দ্রীয় মন্ত্রী। প্রতিবাদে মিছিল পূর্বস্থলীতে

রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথের বিরুদ্ধে কুৎসার প্রতিবাদে পথে নামলেন শিক্ষক, সরকারি কর্মী, শুভবুদ্ধিসম্পন্ন মানুষজন। পূর্বস্থলী দক্ষিণের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী এলাকার বিদ্যানগর গয়ারামদাস বিদ্যামন্দিরের পরিচালন সমিতির সভাপতি। দলের সদস্যতা অভিযান কর্মসূচিতে যোগ দিতে সোমবার কালনায় এসে বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রের মন্ত্রী সুকান্ত মজুমদার শহরের পুরশ্রী সভাগৃহে বক্তব্য পেশ করার পর সাংবাদিকদের বলেন, ‘এখানকার স্বপন দেবনাথ স্কুলের জমি বিক্রি করে দিয়েছে। তার পিএ স্কুল কমিটির সদস্য। এরা পারলে গোটা রাজ্যটাকেই বিক্রি করে দেবে।’ এ ব্যাপারে ‘হাইকোর্টের দ্বারস্থ’ হওয়া, এমনকী ‘সিবিআই চাওয়ার’ কথাও বলেন সুকান্তবাবু। এই অভিযোগের বিরুদ্ধে কোনও রাজনৈতিক দলের পতাকা ছাড়াই পূর্বস্থলী ১নং ব্লক অফিস চত্বর থেকে হেমায়েতপুর মোড় পর্যন্ত একটি প্রতিবাদ মিছিলে পা মেলালেন এলাকার শিক্ষক, সরকারি কর্মী, ইমাম-সহ এলাকার মানুষজন। মওলানা রব্বানি মল্লিক, পারুলডাঙা হাইস্কুলের শিক্ষক আজিজ শেখ, সাতগড়িয়া প্রাথমিকের শিক্ষক অনুপম বিশ্বাসরা বলেন, ‘স্বপনবাবুর মতো একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির মানুষকে যেভাবে কালিমালিপ্ত করার চেষ্টা হয়েছে, তাকে ধিক্কার জানাই। সুকান্তবাবুর ভিত্তিহীন মিথ্যা অভিযোগের প্রতিবাদ জানাতেই কোনও দলীয় পতাকা ছাড়াই আমরা মিছিল ও সভা করলাম। আর তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে মন্ত্রী স্বপনবাবুর প্রতিক্রিয়া, ‘ওনার মন্তব্য শুনে আমি স্তম্ভিত। উনি যে স্কুলের কথা বলছেন, সেই স্কুলের জমিটি আইটিআই কলেজ, বিএড কলেজ, খড়ের বিঁড়ে নির্মাণের মত উন্নয়নমূলক কাজের জন্য রাজ্য সরকারকে দেওয়া হয়েছে। উনিতো শিক্ষক। অভিযোগ তোলার আগে ওনার ভালো করে জেনে নেওয়া দরকার ছিল।’

‘স্বপনবাবুর অপমান শুধু একজন ব্যক্তির নয়, গোটা দলের অপমান’ বলে মনে করছেন সংশ্লিষ্ট পূর্বস্থলী ১নং ব্লক তৃণমূল সভাপতি রাজকুমার পাণ্ডে। তিনি বলেন, ‘আমাদের প্রিয় নেতা এলাকার আমজনতার দরদি অভিভাবক স্বপন দেবনাথের বিরুদ্ধে সুকান্তবাবু যে ভিত্তিহীন অভিযোগ তুলেছেন, তার প্রতিবাদে শুক্রবার হেমায়েতপুর মোড়ে দলীয় সভার  ডাক দেওয়া হয়েছে। এই সভায় একটা ব্লক থেকেই ১০ হাজারেরও বেশি মানুষ হাজির হবেন।’ সেই সভায় নির্দিষ্ট নথিসহ সুকান্তবাবুর তোলা প্রতিটি অভিযোগের জবাব দেবেন বলে জানিয়েছেন স্বপনবাবু।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!