- এই মুহূর্তে বৈষয়িক
- জুন ৮, ২০২৩
ব্যাঙ্কগুলোকে ঋণ দেওয়ার হার অপরিবর্তিত রাখল আরবিআই
বাড়ছে না রেপো রেট, ঘোষণা করল আরবিআই। ৬ জুন থেকে শুরু হওয়া মুদ্রানীতি কমিটির বৈঠক শেষে গর্ভনর শক্তিকান্ত দাস বৃহস্পতিবার বেলা দশটায় জানালেন, অপরিবর্তিতই থাকছে রেপো হার। তাই আগের মতো ৬.৫ শতাংশ হারেই ব্যাঙ্কগুলোকে ঋণ দেবে দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক। তিনি বলেছেন, সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এপ্রিল মাসেও একই হার বজায় ছিল। মে-জুনে মুদ্রাস্ফীতির হার কমে আসায় রেপো হার নতুন করে আরবিআই আর বাড়াল না বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা।
আরবিআই গভর্নর বলেছেন, সারা বিশ্বের অর্থনীতি এখন মুদ্রাস্ফীতির কোপে। ভারতে গত কয়েক মাসের মধ্যে তা ক্রমাগত নিম্নমুখী হলেও সর্বনিম্ন যে সীমা তার উপরেই রয়েছে বলে জানিয়েছেন তিনি। দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক বিষয়টিকে খতিয়ে দেখছ। তবে, শুধু রেপো রেট নয়, জিডিপি নিয়েও বক্তব্য রেখেছেন শক্তিকান্ত। তিনি জানিয়েছেন, ২০২৩-২৪ সালে প্রকৃত জিডিপি বৃদ্ধির হার ৬.৫ শতাংশ হতে পারে।
আরবিআই-এর নীতি অনুযায়ী ৬ শতাংশ মুদ্রাস্ফীতির সীমা অতিক্রম করলে তবে রেপো রেট বাড়ানোর কথা। চলতি বছরে গত ছমাসে তা অতিক্রম করেনি, বরং ক্রমশ কমেছে । তাই রেপো রেটে যে কোনো পরিবর্তন ঘটবে না, তা প্রত্যাশিতই ছিল। এখানে বলা দরকার, গত দুবছরে ব্যাপক হারে রেপো রেট বাড়িয়েছিল দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক। ফেব্রুয়ারি মাসেও ২৫ বেসিস পয়েন্ট বেড়ে ৬.৫ শতাংশ হয়েছিল রেপো হার। যে কারণে ঋণ গ্রহীতারা সমস্যার মধ্যে পড়েছিলেন। কারণ সুদের হার চড়া হারে বাড়িয়েছিল বিভিন্ন ব্যাংক। গাড়ি হোক কিংবা বাড়ি- প্রত্যেকে ক্ষেত্রে অধিক ইএম আই গুনতে হচ্ছিল। তাই রেপো রেট যদি আরো বাড়ত বড়ো সমস্যার মধ্যে পড়ত মধ্যবিত্ত সাধারণ মানুষ। তাই কেন্দ্রীয় ব্যাঙ্কের সিদ্ধান্তে আপাতত স্বস্তিতে তাঁরা।
❤ Support Us








