- দে । শ
- জানুয়ারি ১১, ২০২৫
জেলা সবলা মেলায় রেকর্ড বিক্রি, খুশি হস্তশিল্পীরা
কাটোয়ায় আয়োজিত পূর্ব বর্ধমান জেলা সবলা মেলায় রেকর্ড বিক্রি হয়েছে। বিক্রিবাটার পরিমাণ দাঁড়িয়েছে ৩৩ লক্ষ ৭২ হাজার টাকার। এর জন্য ক্রেতাসাধারণকে ধন্যবাদ জানিয়ে কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি, মুখ্য উদ্যোক্তা দিগন্ত পালরা বলেন, ‘হস্তশিল্পীদের পাশে দাঁড়িয়েছেন মহকুমার মানুষজন। শিল্পীদের হাতে তৈরি দৃষ্টিনন্দন সামগ্রী কেনার পাশাপাশি শৃঙ্খলা বজায় রেখে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেছেন। সবদিক থেকেই মেলা সফল।’ রাজ্যের ক্ষুদ্র ও কুটিরশিল্প দপ্তরের উদ্যোগে এবং কাটোয়া মহকুমা প্রশাসন ও পুরসভার ব্যবস্থাপনায় টানা ৪ বার কাটোয়ায় আয়োজিত হল জেলা সবলা মেলা। শহরের কাশীরাম দাস বিদ্যায়তনের মাঠে সপ্তাহব্যাপী মেলাটির উদ্বোধন করেন গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরি। শ্রদ্ধাজ্ঞাপন করা হয় প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংহকে।
জেলার বিভিন্ন প্রান্তের স্বয়ম্ভর গোষ্ঠীর সদস্যরা তাঁদের তৈরি নানান ধরনের হস্তশিল্প নিয়ে মেলায় অংশ নেন। পূর্ব বর্ধমান জেলার ডোকরা শিল্প, শোলাশিল্প, কাঁথাস্টিচ, দারুশিল্পের সুনাম গোটা রাজ্যে জুড়ে। সেইসব শিল্পকর্মের পাশাপাশি পিঠেপুলি, আচার, বড়ি, হাতে তৈরি অলঙ্কার, পোশাকের স্টল হয়। বিধায়ক রবীন্দ্রনাথবাবু জানান, ‘মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হস্তশিল্পীদের পাশে দাঁড়াতে রাজ্যের প্রতিটি জেলায় সবলা মেলার বন্দোবস্ত করেছেন। যে উদ্যোগ অভিনব ও অভাবনীয়। শিল্পীরা বিনা পয়সায় স্টল দিয়ে সরাসরি তাঁদের হাতের কাজ বিক্রি করতে পারায় লাভের মুখ দেখলেন। এটা বড় প্রাপ্তি।’ প্রশাসন সূত্রের খবর, কাটোয়ায় শিল্পকর্মের ভালো বিক্রি হয়। তাই এবারও মেলার স্থান হিসেবে কাটোয়াকে বেছে নেওয়া হয়েছে। জেলার ২৩টি ব্লক-সহ ৬টি পুরসভা এলাকার ২ টি করে স্বয়ম্ভর গোষ্ঠীর সদস্যরা তাদের শিল্পকর্ম নিয়ে মেলায় যোগ দেবেন। এবারে মেলায় ৮০টি স্টল ছিল। প্রত্যাশা ছাপানো বিক্রিবাটায় চওড়া হাসি আচারের স্টল দেওয়া অষ্টমী মজুমদার, পিঠেপুলির স্টল দেওয়া দীপা সেন, বড়ির স্টল দেওয়া হীরা চুনারিদের মুখে। রেকর্ড ছাপানো বিক্রি হওয়ায় প্রশাসনও চাইছে, সামনের বছরও জেলা সবলা মেলা কাটোয়াতেই হোক।
❤ Support Us







