- এই মুহূর্তে দে । শ
- আগস্ট ১৪, ২০২৫
ভোর থেকে প্রবল বৃষ্টিতে আবার বিপর্যস্ত দিল্লি, রেড অ্যালার্ট জারি
ভোর থেকেই প্রবল বৃষ্টি। সকাল থেকেই আবার জনজীবন স্তব্ধ রাজধানী দিল্লির। বেশ কয়েকটি এলাকা জলমগ্ন। যান চলাচল প্রায় বন্ধ। ভারতীয় আবহাওয়া দফতরের পক্ষ থেকে লাল সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডসহ উত্তর ভারতের আরও কয়েকটা রাজ্যে কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
কয়েকদিন আগেই প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছিল দিল্লি। বৃহস্পতিবার ভোর ৫টা থেকে আবার ভারী বৃষ্টিপাত শুরু হয়। ভারী বৃষ্টিপাতের ফলে বেশ কয়েকটি এলাকা প্লাবিত। আন্ডারপাস ও রাস্তাঘাট জলমগ্ন। মথুরা রোড, আরকে পুরম, শাস্ত্রী বন, মতি বাগ, পাঁচকুইয়ান মার্গ, মিন্টো রোড, এমবি রোড জলে প্লাবিত। রাস্তাঘাট জলম্গন হওয়ায় তীব্র যানজট দেখা দিয়েছে। আজ সারাদিন ধরে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
উত্তর প্রদেশের বেশ কয়েকটা জেলায় কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। বরেলি, লখিমপুর, পিলিভিট, শাহজাহানপুর, বাহরাইচ, সীতাপুর, শ্রাবস্তী, বলরামপুর, সিদ্ধার্থনগর, গোন্ডা এবং মহারাজগঞ্জে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে। বৃহস্পতিবার পশ্চিম উত্তর প্রদেশের বেশিরভাগ স্থানে এবং পূর্বাঞ্চলের কয়েকটি জায়গায় বৃষ্টি বা বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল থেকে বৃষ্টিপাতের তীব্রতা কমবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
ভারী বৃষ্টিপাতের কারণে লখনউ জেলা প্রশাসন বৃহস্পতিবার প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। রাজধানী লখনউতে ভারী বৃষ্টিপাতের প্রভাব দেখা গেছে। মুষলধারে বৃষ্টিপাতের ফলে শহরের অনেক অংশ ডুবে গেছে। গোমতী নগরে হাঁটু সমান জল। যানবাহন চলাচল প্রায় বন্ধ।
হিমাচল প্রদেশের চাম্বা, কাংড়া এবং মান্ডি জেলায় ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে এবং উনা, বিলাসপুর, হামিরপুর, কুল্লু, শিমলা, সোলান এবং সিরমৌর জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ১৯ আগস্ট পর্যন্ত হলুদ সতর্কতা জারি থাকবে। হিমাচল প্রদেশের কিন্নৌর জেলায় মেঘ ভাঙনে সৃষ্ট আকস্মিক বন্যার ফলে শতদ্রু নদীর পারে ৪ জন বেসামরিক নাগরিক আটকে পড়েছেন। ঋষি ডোগরি উপত্যকার হোজিস লুংপা নালায় আকস্মিক বন্যার পরে মেঘ ভাঙনের ঘটনা ঘটে। এই ঘটনায় কেন্দ্রীয় গণপূর্ত বিভাগের ক্যাম্প ভেসে গেছে।।
উত্তরাখণ্ডে ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। দেরাদুন, বাগেশ্বর, নৈনিতাল, পিথোরাগড়, তেহরি, পাউরি, চম্পাওয়াত, রুদ্রপ্রয়াগ, উত্তরকাশী এবং চামোলি সহ রাজ্যের বেশ কয়েকটি অংশে ১৭ অগাস্ট পর্যন্ত ভারী বৃষ্টিপাতের পূ্র্বাভাস দেওয়া হয়েছে। গত সপ্তাহে আকস্মিক বন্যার কবলে পড়া উত্তরাখণ্ডের উত্তরকাশীতে অবিরাম বৃষ্টিপাত হচ্ছে। শ্রীকণ্ঠ পর্বতমালায় একটা হিমবাহ ভেঙে ভাগীরথী নদীর তীরে জল ও ধ্বংসাবশেষের স্রোত বইছে।
নিম্নচাপের প্রভাবে দক্ষিণ তেলেঙ্গানার অনেক এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মধ্য, পশ্চিম এবং উত্তর তেলেঙ্গানায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। বিশেষ করে ভিকারাবাদ, সাঙ্গারেড্ডি, মেদক, সিদ্দিপেট, জানগাঁও, সিরসিলা, কামারেড্ডি, নিজামবাদ, জাগিতিয়াল, পেদ্দাপল্লি, করিমনগর, আদিলাবাদ, আসিফাবাদ এবং নির্মল জেলায়।বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
❤ Support Us







