- এই মুহূর্তে বৈষয়িক
- আগস্ট ৬, ২০২৫
ট্রাম্পের শুল্ক হুঁশিয়ারি ও বৈশ্বিক অস্থিরতার মাঝেও রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক
বৈশ্বিক বাণিজ্যে অনিশ্চয়তার ছায়া। ডোনাল্ড ট্রাম্প ফের হুঁশিয়ারি দিয়েছেন ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত শুল্ক চাপানোর। ডলারের অনুপাতে রুপির পতন। টালমাটাল অর্থনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়েও এ দিন রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত জানাল রিজার্ভ ব্যাঙ্ক। ফলে সুদের হার থাকছে ৫.৫ শতাংশই। বুধবার সকালে শেষ হয়েছে রিজার্ভ ব্যাঙ্কের মনেটারি পলিসি কমিটির বৈঠক। তার পর সাংবাদিক সম্মেলনে আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা জানিয়ে দিলেন, ‘নীতিগত ভাবে এখনো ‘নিউট্রাল’ অবস্থানে আমরা। বর্তমান পরিস্থিতিতে রেপো রেট একই রাখতে একমত হয়েছেন কমিটির সব সদস্য।’
গত জুন মাসে আরবিআই ৫০ বেসিস পয়েন্ট রেপো রেট কমিয়েছিল। তবে এ বার কোনোরকম হেরফের হল না। কারণ? রিজার্ভ ব্যঙ্কের গভর্নর জানালেন, ‘শুল্ক নিয়ে ট্রাম্প প্রশাসনের হুঁশিয়ারি এবং দীর্ঘমেয়াদি ভূ-রাজনৈতিক অনিশ্চয়তা এখনো কাটেনি, বাজারে এর কী পড়বে তা বোঝা যাচ্ছে না। তার উপরে বাজারে মুদ্রানীতির আগের প্রভাব পুরোপুরি ছড়িয়ে পড়েনি তাই এই মুহূর্তে রেপো রেটে নতুন করে হস্তক্ষেপের প্রয়োজন পড়ছে না।’ রিজার্ভ ব্যাঙ্কের অর্থনৈতিক পূর্বাভাস অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবর্ষে দেশের মোট দেশজ উৎপাদন বৃদ্ধির হার ৬.৫ শতাংশে থাকবে বলেই ধরে নেওয়া হচ্ছে। এর মধ্যে প্রথম ত্রৈমাসিকে জিডিপি ৬.৫ শতাংশ হারে বাড়তে পারে, দ্বিতীয় ত্রৈমাসিকে ৬.৭, তৃতীয় ত্রৈমাসিকে ৬.৬ এবং চতুর্থ ত্রৈমাসিকে তা নেমে আসতে পারে ৬.৩ শতাংশে। মুদ্রাস্ফীতি কমানো নিয়ে রিজার্ভ ব্যাঙ্ক এ দিন আরো আশাবাদী হয়েছে। খুচরো মূল্যবৃদ্ধি অর্থাৎ সিপিআই ভিত্তিক মুদ্রাস্ফীতি জুনে নেমে এসেছে ২.১ শতাংশে, যা গত ৭৭ মাসে সর্বনিম্ন। জুন মাসের পূর্বাভাসে ছিল ৩.৭ শতাংশ। চলতি অর্থবর্ষে গড় মুদ্রাস্ফীতি ৩.১ শতাংশের মধ্যে থাকবে বলেই মনে করছে আরবিআই। এর ফলে সুদের হার স্থির রাখার জন্য একরকম অনুকূল পরিস্থিতিও তৈরি হয়েছে। সঞ্চয় মালহোত্রা জানান, শহর অঞ্চলে চাহিদা এখনো দুর্বল, বিশেষ করে বিলাসবহুল ভোগপণ্য ক্ষেত্রে। কিন্তু গ্রামীণ চাহিদা তুলনামূলক ভাবে স্থিতিশীল অবস্থায় রয়েছে। পাশাপাশি সরকারের পরিকাঠামোগত খাতে লগ্নি এবং বেসরকারি খাতে স্থিত বিনিয়োগ অর্থনৈতিক গতি বজায় রেখেছে। তবে বৈশ্বিক বাণিজ্যের অস্থিরতা, শুল্কের সম্ভাব্য ধাক্কা এবং আন্তর্জাতিক ক্ষেত্রে বৃদ্ধি শ্লথ হয়ে পড়া, সব মিলিয়ে আর্থিক নীতিতে সতর্কতা বজায় রাখাই এখন রিজার্ভ ব্যাঙ্কের অন্যতম লক্ষ্য।
রিজার্ভ ব্যাঙ্কের এ সিদ্ধান্তে অনেকটাই স্বস্তিতে রিয়েল এস্টেট এবং ঋণগ্রহীতা মহল। বিশ্লেষকরা মনে করছেন, সুদের হার না বাড়লে এখনকার মতো হোম লোনের ইএমআই বা গাড়ির ঋণের কিস্তি অপরিবর্তিত থাকবে। রিয়েল এস্টেট বিশেষজ্ঞ বিমল নাডার বলেছেন, বিশেষত মধ্যবিত্ত এবং প্রিমিয়াম আবাসনের বাজারে এই সিদ্ধান্ত ইতিবাচক প্রভাব ফেলবে। ঋণপত্রের উপর সুদের হার স্থির থাকায় উৎসব মরসুমে বাড়ি কেনার সিদ্ধান্ত নিতে পিছপা হবেন না অনেক ক্রেতা। অন্য দিকে, বেঙ্গালুরুর সঞ্জীবিনী গ্রুপের কর্ণধার উমেশ গৌড়া অবশ্য মনে করছেন, এ মুহূর্তে যদি আরও খানিকটা রেপো রেট কমানো যেত, তাহলে আরো অনেক অনিশ্চিত ক্রেতা বাজারমুখী হতেন।
অন্য দিকে, ব্যাঙ্কিং খাতে এখন আলোচনার কেন্দ্রে ‘ট্রান্সমিশন’ শব্দটি। অর্থাৎ, রিজার্ভ ব্যাঙ্ক আগেই মোট যে ১০০ বেসিস পয়েন্ট রেপো রেট কমিয়েছে, সে সুবিধা কতটা ঋণগ্রহীতাদের কাছে পৌঁছেছে? পরিসংখ্যান বলছে, এ পর্যন্ত এর অর্ধেকেরও কম, অর্থাৎ ৫৫ বেসিস পয়েন্টই বাস্তবে প্রভাব ফেলেছে। সেই ‘ট্রান্সমিশন’ যদি সম্পূর্ণ হয়, তা হলে ঋণগ্রহণ আরো সহজ হবে, বাড়বে চাহিদা, যা শেষ পর্যন্ত দেশের অর্থনীতির চাকা ঘুরিয়ে দেবে, এমনটাই বিশ্বাস রিজার্ভ ব্যাঙ্কের। এদিন, আরবিআই গভর্নর উপভোক্তাদের জন্য ৩টি গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথাও ঘোষণা করেছেন। দেশের প্রতিটি প্রান্তে ফের শুরু হচ্ছে জনধন প্রকল্পের অধীনে আর্থিক অন্তর্ভুক্তির ক্যাম্প। গ্রাহকের মৃত্যুর পরে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং লকার সংক্রান্ত দাবির নিষ্পত্তি আরও সহজ করতে নতুন প্রক্রিয়া আনা হচ্ছে। পাশাপাশি, সাধারণ মানুষের জন্য ‘আরবিআই রিটেল’ বিনিয়োগ ব্যবস্থার প্রসার ঘটানোর পরিকল্পনাও নেওয়া হয়েছে। ডিপোজিটকারীদের জন্য অবশ্য সময় এখন সীমিত। ‘ফিক্সড ডিপোজিট’-এ ৭.২৫ শতাংশ বা তার বেশি সুদ এখনো পাওয়া যাচ্ছে অনেক ব্যাঙ্কে। প্রবীণ নাগরিকেরা পান আরো বেশি। তবে বিশেষজ্ঞদের মতে, এমন উচ্চহারের সুদের সুযোগ দীর্ঘস্থায়ী হবে না। তাই এখনই দীর্ঘমেয়াদি এফডিতে লগ্নি করে নেওয়া উচিত। সব মিলিয়ে, আরবিআই-এর এ পদক্ষেপ কোনো চমক নয়, বরং স্থিতিশীলতার বার্তা। বৈদেশিক শুল্কের ঝড় উঠলেও ভারতের রিজার্ভ ব্যাঙ্ক এখনই দিশেহারা নয়। বরং সতর্কতা এবং ধৈর্য মিশিয়ে দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার পথেই হাঁটছেন তাঁরা।
❤ Support Us






