- দে । শ
- মার্চ ২৬, ২০২৬
রামনবমী উপলক্ষে রাজ্যজুড়ে কড়া নিরাপত্তা, সক্রিয় ড্রোন ও সাইবার টিম
রামনবমীর শোভাযাত্রা ঘিরে কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাজ্যজুড়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার কলকাতা-সহ একাধিক জেলায় মিছিল বেরোনোর আগে বুধবার নবান্নে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সমস্ত জেলার ডিএম, এসপি ও পুলিশ কমিশনারদের সঙ্গে বৈঠক করেন মুখ্যসচিব দুষ্যন্ত নারিয়ালা। বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রসচিব, রাজ্য পুলিশের ডিজি, এডিজি আইনশৃঙ্খলা-সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা।
নবান্ন সূত্রে জানা গিয়েছে, হাওড়া, চন্দননগর ও ইসলামপুরে বিশেষ নজরদারি রাখা হচ্ছে, কারণ অতীতে এই এলাকাগুলিতে মিছিলকে কেন্দ্র করে অশান্তির নজির রয়েছে। গোটা রাজ্যে প্রায় ৩ হাজার পুলিশ মোতায়েন করা হচ্ছে, যার মধ্যে কলকাতার জন্য থাকছে প্রায় ১ হাজার পুলিশকর্মী। প্রয়োজনে সিআরপিএফ মোতায়েনের ব্যবস্থাও রাখা হয়েছে।
উসকানিমূলক পোস্ট রুখতে ২৬ থেকে ২৯ মার্চ পর্যন্ত সাইবার টিমকে বিশেষ নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, আদালতের নির্দেশ মেনেই মিছিল করতে হবে। কোনওভাবেই অস্ত্র নিয়ে শোভাযাত্রা করা যাবে না। নির্ধারিত সময় ও রুট মেনে মিছিল করতে হবে এবং অংশগ্রহণকারীর সংখ্যা ৫০০-র মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। নির্দেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নজরদারির জন্য নবান্নে একটি কন্ট্রোল রুম খোলা থাকবে। কলকাতা পুলিশের পক্ষ থেকেও শহরে বাড়তি বাহিনী মোতায়েন করা হচ্ছে। লালবাজার সূত্রে খবর, কলকাতায় প্রায় ৬০টি মিছিল বের হবে, যার মধ্যে বড় পাঁচটি মিছিল শুরু হবে এন্টালি, পিকনিক গার্ডেন, সেন্ট্রাল অ্যাভিনিউ, হেস্টিংস ও কাশীপুর থেকে। প্রতিটি মিছিলে পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে এবং পুলিশকর্মীদের প্রোটেকটিভ গিয়ার প্রদান করা হবে, যাতে যে কোনও আকস্মিক আক্রমণ দ্রুত মোকাবিলা করা যায়।
মিছিলগুলির উপর নজর রাখতে ড্রোন ব্যবহার করা হবে। মিছিলের আগে ও পরে পুলিশ টহল দেবে এবং রাস্তায় থাকবে পর্যাপ্ত পুলিশ গাড়ি। আশপাশের এলাকাতেও টহলদারি জোরদার করা হবে। বাইক নিয়ে মিছিলের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং শুধুমাত্র নির্ধারিত রুটেই শোভাযাত্রা করার অনুমতি দেওয়া হয়েছে।
এছাড়াও, প্রতিটি বড় মিছিলের রুটে অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে, যার মাধ্যমে নিয়মিত নজরদারি চালানো হবে। পুলিশকর্মী ও আধিকারিকদের বডি ক্যামেরা ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে প্রতিটি পরিস্থিতি নথিবদ্ধ রাখা যায়।
❤ Support Us





