Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • এপ্রিল ৯, ২০২৬

আরজিকর মামলায় সাজাপ্রাপ্তকে ফের জেরার অনুমতি, আধুনিক প্রযুক্তি ব্যবহারে জোর দিল হাইকোর্ট

আরম্ভ ওয়েব ডেস্ক
আরজিকর মামলায় সাজাপ্রাপ্তকে ফের জেরার অনুমতি, আধুনিক প্রযুক্তি ব্যবহারে জোর দিল হাইকোর্ট

আরজি কর মামলায় সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)-কে নতুন করে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বৃহস্পতিবার মামলার শুনানিতে আদালত স্পষ্ট জানায়, প্রয়োজন হলে ইতিমধ্যেই সাজাপ্রাপ্ত ব্যক্তি ও সন্দেহভাজনদের পুনরায় জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই। পাশাপাশি, তদন্তের স্বার্থে আধুনিক প্রযুক্তি ব্যবহারেরও অনুমতি দেওয়া হয়েছে।

এই মামলার শুনানি হয় বিচারপতি রাজাশেখর মান্থা ও বিচারপতি রাই চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে। আদালত সিবিআই-কে নির্দেশ দেয়, যেন কোনোরকম দ্বিধা না রেখে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হয় এবং প্রয়োজন অনুযায়ী যে কোনো ব্যক্তিকে জেরা করা হয়। আদালতের পর্যবেক্ষণ, এ ঘটনার সঙ্গে যুক্ত সাজাপ্রাপ্ত ব্যক্তি অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানেন বলেই মনে হচ্ছে। তাই তদন্তে সমস্ত আধুনিক পদ্ধতি ও প্রযুক্তি প্রয়োগ করার উপর জোর দেওয়া হয়েছে। এদিন আদালতে নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে ডিএনএ প্রোফাইল এবং একটি অডিও রেকর্ড জমা দেওয়া হয়েছে। এই দুটি গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ খতিয়ে দেখে সিবিআইকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারিত হয়েছে ১২ মে।

উল্লেখ্য,  এ মামলার দীর্ঘসূত্রিতা নিয়ে আগেই ক্ষোভ প্রকাশ করেছিলেন নির্যাতিতার বাবা-মা। তাঁরা শুধু তদন্তের ধীরগতিই নয়, সিবিআইয়ের ভূমিকাও প্রশ্নের মুখে তুলেছিলেন। দ্রুত শুনানির দাবিতে তাঁরা হাইকোর্টের দ্বারস্থও হন। গত মার্চ মাসে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ এই মামলাটি ‘রিলিজ’ করে দেয়। বিচারপতি বসাক জানিয়েছিলেন, দীর্ঘ সময় ধরে চলা এই ধরনের মামলার দ্রুত নিষ্পত্তি করা সম্ভব নয়। সেই কারণেই মামলাটি অন্য বেঞ্চে পাঠানো হয়। বর্তমানে বিচারপতি রাজাশেখর মান্থা ও বিচারপতি রাই চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি চলছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!