Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মে ১৬, ২০২৬

আরজি কর কাণ্ডে বিশেষ ডিভিশন বেঞ্চ গঠন, বিচারপতি শম্পা সরকার ও তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে শুনানি

আরম্ভ ওয়েব ডেস্ক
আরজি কর কাণ্ডে বিশেষ ডিভিশন বেঞ্চ গঠন, বিচারপতি শম্পা সরকার ও তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে শুনানি

আরজি কর মেডিক্যাল কলেজের পড়ুয়া-চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় নির্যাতিতার পরিবারের দায়ের করা মামলার শুনানি এ বার কলকাতা হাই কোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চে হবে। সময়ের অভাবের কারণ দেখিয়ে এর আগে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ এই মামলা থেকে অব্যাহতি নিয়েছিল। একই কারণে কয়েক দিন আগে বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চও মামলাটি থেকে সরে দাঁড়ায়।

এর পর উচ্চ আদালতের প্রধান বিচারপতি সুজয় পাল মামলাটি বিশেষ ডিভিশন বেঞ্চে পাঠানোর সিদ্ধান্ত নেন। নতুন বেঞ্চে রয়েছেন বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তাঁরাই এখন থেকে আরজি কর কাণ্ড সংক্রান্ত মামলার শুনানি করবেন।

এর আগে বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ মামলার মূল অভিযুক্ত সঞ্জয় রায়-সহ প্রয়োজনে অন্য সন্দেহভাজনদেরও জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছিল। পাশাপাশি নির্যাতিতার মা-বাবার দাখিল করা দু’টি অতিরিক্ত হলফনামার ভিত্তিতে সিবিআই-কে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

গত মঙ্গলবার সিবিআই মুখবন্ধ খামে সেই রিপোর্ট আদালতে জমা দেয়। রিপোর্ট জমা পড়ার পরেই বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ মামলাটি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানায়।

মামলা থেকে সরে দাঁড়ানোর সময় বিচারপতি মান্থা মন্তব্য করেন, “মামলাগুলির দ্রুত শুনানির প্রয়োজন রয়েছে। আরজি করের এই ঘটনা নিয়ে গোটা রাজ্য উদ্বিগ্ন, আমরাও চিন্তিত। তাই উপযুক্ত বিচার নিশ্চিত করতে এমন কোনও বেঞ্চে মামলাগুলি পাঠানো হোক, যেখানে বিস্তারিত শুনানির পর্যাপ্ত সময় রয়েছে।”

এছাড়াও বিচারপতি মান্থা পর্যবেক্ষণ করেন, “সম্ভবত আরজি করের ঘটনার অনুসন্ধানে বিচারবিভাগীয় কমিশন গঠন করতে চলেছে রাজ্য সরকার।”


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!