- এই মুহূর্তে বৈষয়িক
- এপ্রিল ৭, ২০২৫
ট্রাম্পের শুল্ক-আতঙ্কে বিশ্ববাজারে অস্থিরতা, ভারতীয় শেয়ার বাজারে ভয়াবহ বিপর্যয়। ১০ সেকেন্ডে উধাও ২০ লক্ষ কোটি টাকা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক-নীতির জেরে বিশ্ববাজারে অস্থিরতা। বাণিজ্য-যুদ্ধের আশঙ্কা চরমে। এই আবহে ভারতীয় শেয়ার বাজারে নামল বিপুল ধ্বস। এশিয়া সহ বিশ্বের বাজারে ভয়াবহ ক্ষতির আশঙ্কা। সেন্সেক্সের এ হেন পতনে যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটেও ব্যাপক ক্ষতির ইঙ্গিত। সোমবার ভারতের সেনসেক্স ২৫৬৪ কমে ৭২,৭৯৯.৯৫-এ পোঁছেছে, এনএসই নিফটি ৮৩১ পয়েন্ট পড়ে একধাক্কায় ২২,০৭২.৫০-এ নেমে এসেছে। গত ১০ মাসে যা সর্বনিম্ন স্তর। বিশ্ববাজারের অস্থিরতা যদি এভাবে চলতে থাকে, মার্কিন প্রেসিডেন্টের আগ্রাসী মনোভাব যদি না বদলায় তাহলে ভবিস্যতে শেয়ার বাজার আরো খারাপ অবস্থার সম্মুখীন হতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এই ধসের তীব্রতা এ দিন এতোটাই তীব্র যে বিএসই-র তালিকাভুক্ত কোম্পানির সম্মিলিত মূলধন থেকে প্রায় ২০ লক্ষ কোটি টাকা উধাও হয়ে গিয়েছে।
সোমবার দালাল স্ট্রিটে উত্তেজনা ছিল চরমে। এদিন কোনো শেয়ারের মূল্য বাড়েনি। টাটা স্টিল ১১.২৫% পড়ে গিয়েছে, ইতিহাসে যা সবচেয়ে বড়ো পতন। টাটা মোটরস ৮.২৪%, টেক মাহিন্দ্রা ৬.৭০%, ইনফোসিস এবং এইচসিএল টেকনোলজি ৬% কমেছে। এদিন সেনসেক্স প্রায় ৪,০০০ পয়েন্ট নিচে খোলে, যা আগের ট্রেডিং সেশনের তুলনায় ৩.৫% হ্রাস পেয়েছে, আর নিফটি সকালে ১,০০০ পয়েন্টেরও বেশি কমে যায়। এই পতন এশিয়ান ইকুইটিতে বিশাল বিক্রির পরিণতি। এমএসসিআই এশিয়া এক্স-জাপান ইনডেস্ক ৬.৮ শতাংশ কমেছে। তাইওয়ানের সূচক ১০ শতাংশ এবং জাপানের নিকেই ৭ শতাংশ পড়ে যায়। ট্রাম্পের শুল্ক নীতির ফলে চিন, জাপান, তাইওয়ান, ও হংকং-এ বিপুল পরিমাণে শেয়ার বিক্রি করতে দেখা গেছে। কমিউনিস্ট চিন সরকার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ৩৪% শুল্ক আরোপ করেছে। সেখানে শেয়ারবাজার ৪% এরও বেশি পড়ে গেছে। সিঙ্গাপুরের সূচক ৮% নেমেছে। মার্কিন বাজারে এস অ্যান্ড পি ৫০০ সূচক ৫.৯৭%, ডাও জোনস ৫.৫০% ও ন্যাশড্যাক ৫.৭৩ শতাংশ পতন হয়েছে।
বম্বে স্টক এক্সচেঞ্জ মিডক্যাপ ও স্মলক্যাপ সূচকগুলোতে ১০ শতাংশ পর্যন্ত পতন দেখা যায়। বাজারে ব্যাপক উদ্বেগের প্রতিফলন ঘটে ভারতীয় ভোলাটিলিটি ইনডেক্স বা ইন্ডিয়া ভিক্স-এ, যা ৫২ শতাংশ লাফিয়ে প্রায় ২১-এ পৌঁছে যায়। গিওজিত ফিনাস্নিয়াল সার্ভিসেস-এর বিনিয়োগকৌশলী ড.ভি কে বিজয়কুমার বলেছেন, ‘বিশ্বব্যাপী বাজারে বর্তমানে অস্থিরতা বিরাজ করছে, এর মূল কারণ ডোনাল্ড ট্রাম্পের শুল্ক ঘোষণায় সৃষ্ট অনিশ্চয়তা। কেউ জানে না এই পরিস্থিতি কিভাবে মোকাবিলা করা যাবে, বা অভিস্যতে বাণিজ্যবাজার কোন্দিকে চলবে।’ তিনি আরো জানান, শুক্রবার ইউএস ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েলের মন্তব্যের ফলেই এই ধ্বস নেমেছে। এই পরিস্থিতিতে সবচেয়ে ভালো কৌশল হল ‘ওয়েট অ্যান্ড ওয়াচ’। এদিকে ডলারের মানের পরিবর্তে ৩০ পয়সা হ্রাস পেয়ে ভারতীয় রুপির মান ৮৫.৭৪-এ নেমে আসে।
❤ Support Us







