Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • এপ্রিল ২৯, ২০২৩

ভারত-চিন সম্পর্ক অস্বাভাবিক।ডোমিনিকান রিপাবলিক সফরে আবারও বেইজিংকে দুষলেন জয়শঙ্কর

আরম্ভ ওয়েব ডেস্ক
ভারত-চিন সম্পর্ক অস্বাভাবিক।ডোমিনিকান রিপাবলিক সফরে আবারও বেইজিংকে দুষলেন জয়শঙ্কর

ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এখন ডোমিনিকান রিপাবলিক সফরে। সফরের মাঝেই ভারত চিন সম্পর্ক নিয়ে সুর চড়ালেন তিনি, ভারতের সঙ্গে চিনের সম্পর্ক অস্বাভাবিক। এজন্যে চিনকেই দায়ী করেছে্ন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী। জয়শঙ্কর বলেছেন, চিন সীমান্ত রক্ষণ চুক্তি লঙ্ঘন করেছে বলেই ভারতের সঙ্গে চিনের সম্পর্ক অস্বাভাবিক।

সম্প্রতি ভারতে আয়োজিত সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে চিনের প্রতিরক্ষা মন্ত্রী অংশগ্রহণ করেন। এই পরিস্থিতিতে সীমান্ত চুক্তি লঙ্ঘন নিয়ে বিদেশের মাটিতে দাঁড়িয়ে জয়শঙ্কর চিনকে কাঠগড়ায় তোলায়, দুদেশের সম্পর্কে নতুন করে কোনো জটিলতা সৃষ্টি হয় কিনা তাই দেখার। শুক্রবার সান্তো ডোমিঙ্গোতে পা রাখেন জয়শঙ্কর। এরপর ডোমিনিয়ান রিপাবলিকের কূটনৈতিক স্কুলে বক্তব্য রাখতে গিয়ে জয়শঙ্কর ভারত ও চিনের সম্পর্ককে অস্বাভাবিক হিসেবে আখ্যা দেন।

জয়শঙ্কর বলেছেন, ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে রাশিয়া, জাপান এবং ইউরোপের দেশগুলির মধ্যে যে সম্পর্ক গড়ে উঠেছে, তা একতরফা নয়। চিন এক্ষেত্রে ব্যতিক্রমী, কারণ ওরা দুদেশর মধ্যে সীমান্ত চুক্তি বারবার লঙ্ঘন করে। প্রসঙ্গত, ভারত ইতিমধ্যেই চিনের তীব্র সমালোচনা করেছে পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর চিনের আগ্রাসী নীতি নিয়ে।

এব্যাপারে চিনকে নিজের মতামতও বারবার স্পষ্ট করেছে নয়াদিল্লি। ভারতের বক্তব্য, ভারত-চিনের মধ্যে যে সীমান্ত রক্ষণ চুক্তি রয়েছে, সেই অনুযায়ীই সমস্যার সমাধান হতে পারে। যদিও ২০২০ সালের মে মাস থেকে সীমান্ত ইস্যুতে ভারত ও চিনের মধ্যে বিরোধ জিইয়ে আছে।

জয়শঙ্কর বলেছেন, গত এক দশক ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত তার প্রতিবেশী ছোট ছোট দেশগুলির সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তুলতে পেরেছে। এই সময়সীমায় সংযোগের ক্ষেত্রে নাটকীয় সম্প্রসারণও হয়েছে। এছাড়া পাকিস্তানকে সীমান্ত সন্ত্রাসের জন্যে কাঠগড়ায় তুলে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, ভারত প্রতিবেশী দেশগুলিকে কোভিড পরিস্থিতির মোকাবিলা থেকে শুরু করে, ঋণের চাপ সামলাতে ধারাবাহিকভাবে সহায়তা করেছে। ঋণের দায়ে জর্জরিত প্রতিবেশী শ্রীলঙ্কাকে চার বিলিয়ন মার্কিন ডলারের বেশি আর্থিক সহায়তা করেছে ভারত। এছাড়া শান্তিরক্ষার্থে ভারত সারা বিশ্বে দৃষ্টান্ত তৈরি করেছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!