Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • ফেব্রুয়ারি ১০, ২০২৬

শিল্পোন্নয়নে রাজ্যের দুরন্ত পদক্ষেপ: শালবনিতে ১,৬০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তাপবিদ্যুৎ কেন্দ্রের সূচনা

আরম্ভ ওয়েব ডেস্ক
শিল্পোন্নয়নে রাজ্যের দুরন্ত পদক্ষেপ: শালবনিতে ১,৬০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তাপবিদ্যুৎ কেন্দ্রের সূচনা

রাজ্যের শিল্পোন্নয়নের লক্ষ্যে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি এলাকায় ১,৬০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠতে চলেছে। রাজ্য সরকার এবং শিল্প সংস্থা জেএসডব্লিউ গ্রুপ যৌথ ভাবে এই প্রকল্পটি বাস্তবায়িত করবে।

রাজ্য সরকারের অনুমোদনে জেএসডব্লিউ বেঙ্গল স্টিল লিমিটেডের লিজ়হোল্ড জমির প্রায় ১৬৮৮.১৫ একর জমি জেএসডব্লিউ থার্মাল এনার্জির হাতে তুলে দেওয়া হয়েছে। এই জমিতেই ভবিষ্যতে অত্যাধুনিক প্রযুক্তির তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হবে বলে জানা গিয়েছে। এ প্রকল্পে জেএসডব্লিউ এনার্জি লিমিটেড ৮০০ মেগাওয়াট ক্ষমতার দু’টি ইউনিট গড়ে তুলবে। রাজ্যের তরফে জানানো হয়েছে, বিদ্যুৎ উৎপাদনে দেশীয় কয়লাই ব্যবহার করা হবে। ফলে আমদানি নির্ভরতা কমবে এবং উৎপাদন খরচও নিয়ন্ত্রণে থাকবে।

এছাড়াও ইতিমধ্যেই এই প্রকল্প ঘিরে রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সঙ্গে ২৫ বছরের ‘পাওয়ার পারচেজ় এগ্রিমেন্ট’ স্বাক্ষরিত হয়েছে। রাজ্য সরকারের দাবি, শালবনিকে ঘিরে এই বৃহৎ বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়িত হলে এলাকায় শিল্প পরিকাঠামোর উল্লেখযোগ্য উন্নয়ন হবে। নির্মাণপর্ব এবং পরবর্তী সময়েও বিপুল কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। পাশাপাশি, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হওয়ায় রাজ্যের শিল্পাঞ্চলগুলির উৎপাদন ক্ষমতা বাড়বে বলেও আশা করা হচ্ছে।

রাজ্য প্রশাসনের একাংশের মতে, জেএসডব্লিউ গ্রুপের এই বিনিয়োগ পশ্চিমবঙ্গের শিল্পবান্ধব ভাবমূর্তিকে আরও শক্তিশালী করবে। একইসঙ্গে শালবনিকে আগামী দিনে একটি গুরুত্বপূর্ণ শক্তি উৎপাদন কেন্দ্র হিসেবে তুলে ধরবে এই প্রকল্প।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!