- দে । শ
- ফেব্রুয়ারি ২৫, ২০২৬
নদী বাঁধে বিপজ্জনক ফাটল, আতঙ্ক সন্দেখালিতে
অনেকখানি এলাকা নিয়ে নদী বাঁধে ফাটল আতঙ্ক ছড়িয়েছে সন্দেশখালি বেড়মজুর গ্রামে। ছোট কলাগাছি নদীর বাঁধে বেশ কয়েক জায়গায় বড় ফাটল নজরে আসে সোমবার। বেড়মজুর ১ পঞ্চায়েতের কাছারিঘাটের কাছে শ্মশান সংলগ্ন বাঁধে ফাটল এটতাই গভীর যে যখন তখন বাঁধ ভেঙে যেতে পারে। খাড়াই ভাবে বাঁধে গহ্বর তৈরি হয়েছে তাতে বাঁধ ভেঙে নদীর জল লোকালয়ে ঢুকে যেতে পারে। এলাকার বাসিন্দা প্রদীপ্ত সরকার বলেন, সামনেই পূর্ণিমার কোটাল। জোয়ারের জল বাড়বে। ফাটল যে আকার নিয়েছে তাতে দ্রুত মেরামতি না হলে বাঁধ রক্ষা হবে কিনা বলা মুশকিল। বাঁধ ভাঙলে বেড়মজুর ১ ও ২ পঞ্চায়েতের একাধিক পাড়া বিপন্ন হবে।
সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো বলেন, হঠাৎই বাঁধে ফাটল দেখা গেছে। বিষয়টি সেচদপ্তরের নজরে আনা হয়েছে। এবং পঞ্চায়েত সমিতি জরুরী ভিত্তিতে মেরামতির কাজ শুরু করেছে। বিধায়ক এলাকাবাসীকে আশ্বস্ত করেছেন দ্রুত বাঁধের ফাটল মেরামত করা হবে। অন্যদিকে, সোমবার গভীর রাতে হাসনাবাদের খাঁপুকুর গ্রামে ডাসা নদীর বাঁধের ধস নামে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বিডিও সমীর মণ্ডল ও সভাপতি আনন্দ সরকার। আজ সকাল থেকে সেখানে বাঁধে মাটি ফেলার কাজ শুরু করেছে সেচ দফতর।
❤ Support Us





