- দে । শ
- জানুয়ারি ৮, ২০২৬
কালনায় ভস্মীভূত সরস্বতী মণ্ডপ
কালনার সব থেকে বড় উৎসব সরস্বতী পুজো। লক্ষ লক্ষ টাকা খরচ করে বাহারি থিমের মণ্ডপ তৈরি করেন বহু পুজো উদ্যোক্তা। বিগ বাজেটের মণ্ডপ তৈরি হচ্ছিল শহরের নটরাজ ক্লাবের। খরচ ধরা হয়েছিল সাড়ে ৮ লক্ষ টাকা। ভোররাতে নির্মিয়মান মণ্ডপ ভস্মীভূত। আগুন দেখে আতঙ্কিত হয়ে পড়েন এলাকার লোকজন। ছুটে আসেন ক্লাবের সদস্যরা। খবর দেওয়া হয় দমকলকে। দমকলের ২টি ইঞ্জিন এসে পরিস্থিতি সামাল দেয়। তবে কী কারণে আগুন বুঝতে পারছেন না ক্লাবের সদস্যরা। সুদীপ সরকার, শুভজ্যোতি গাঙ্গুলিরা বলছিলেন, ‘অনেক ক্ষতি হয়ে গেল। পরিবেশ চেতনা ও সবুজ বাঁচাও থিমের উপর মণ্ডপ তৈরি হচ্ছিল। গাছ-সহ মূল কাঠামো তৈরি হয়ে গিয়েছিল। সব নষ্ট হয়ে গেছে। আর্থিক ক্ষতি তো হলই। এখন নতুন করে কীভাবে পুজোর আগে মণ্ডপের কাজ শেষ হবে সেটাই চিন্তা।’ পুলিশ ঘটনার খোঁজখবর শুরু করেছে।
এদিকে কাটোয়ার দাঁইহাট শহরের পাইকপাড়ায় জাহ্নবী শেখের বাড়ির ছাদে জ্বালানির জন্য রাখা পাটকাঠির স্তূপে আচমকা আগুন ধরে যায়। ছাদেই খেলা করছিল বাড়ির ২ শিশু। প্রতিবেশীরা কোনওরকমে ওই ২ শিশুকে উদ্ধার করে। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
❤ Support Us





