- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- এপ্রিল ৩, ২০২৫
মিটল ভিসা সমস্যা, জিব্রালটার জয়ের লক্ষ্যে বদ্ধপরিকর সায়নী
ভিসা বাতিল হওয়ায় আটকে যাচ্ছিল ষষ্ঠ সিন্ধু জয়ের স্বপ্ন। মুষড়ে পড়েছিলেন কালনা শহরের বারুইপাড়ার পঞ্চসিন্ধু জয়ী সাঁতারু সায়নী দাস। নতুন করে আবেদন করায় মিলেছে ছাড়পত্র। ৫ এপ্রিল স্পেনের উদ্দেশে রওনা দেবেন সায়নী। আবহাওয়ার মতিগতি বুঝে ১৩ থেকে ২৪ এপ্রিলের মধ্যে যেকোনও দিন স্পেনের জিব্রালটার প্রণালী জয় করতে নামবেন সায়নী। সেখানে সাফল্য পেতে এখন রোজই বাবা তথা কোচ রাধেশ্যাম দাসের তত্ত্বাবধানে গঙ্গায় চুটিয়ে অনুশীলন করছেন সায়নী। সায়নীর ‘এক ও অদ্বিতীয় লক্ষ্য সপ্তসিন্ধু জিতে এশিয়ার প্রথম মহিলা সাঁতারু’ হিসেবে ইতিহাসের পাতায় নাম তোলা।
অদম্য জেদ, হাল না ছাড়ার মানসিকতা আর লক্ষ্য পূরণের বুভুক্ষাকে পুঁজি করে অথৈ সমুদ্রে ঝাঁপান সায়নী। তাতেই মিলেছে একের পর এক সাফল্য। জলপরি সায়নী দাসের সৌজন্যে কালনা শহর এখন সাঁতারের আন্তর্জাতিক মানচিত্রের শরিক। পঞ্চসিন্ধু পার হওয়ার স্বীকৃতি হিসেবে কিছুদিন আগেই দেশের সেরা অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ড ‘তেনজিং নোরগে অ্যাওয়ার্ড’ পেয়েছেন কালনার বারুইপাড়ার বাসিন্দা সায়নী। এই তুঙ্গ সাফল্যের জন্য সায়নীকে সংবর্ধনা জানাতে কালনায় হাজির হন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদকপ্রাপ্ত অ্যাথলিট তথা জাতীয় প্রশিক্ষক রাজ্যের ‘ক্রীড়াগুরু’ সম্মানে ভূষিত মনোরঞ্জন পোড়েলও। সম্মান জানিয়েছে রাজ্য সরকারও। ‘সোনার সাঁতারু’ সায়নীকে আনন্দ-উচ্ছ্বাস, শুভেচ্ছায় বরণ করে নিয়েছে কালনাবাসীও। সায়নী তার পুরস্কার-সম্মান উৎসর্গ করেছে ‘পৃথিবীর সমস্ত লড়াকু’ মানুষজনকে। লড়াই-ই যে সায়নীর বীজমন্ত্র। সায়নীর বাবা তথা কোচ রাধেশ্যাম দাস জানালেন, ‘৫টা ভয়ঙ্কর চ্যানেল পেরতে সায়নীকে জলে ও ডাঙায় কম লড়াই করতে হয়নি। স্বাভাবিকভাবেই সায়নী পুরস্কার উৎসর্গ করার সময় লড়াকু জনতার কথা মাথায় রেখেছে।’ আর সায়নীর দাবি, ‘লড়াই শেষ হয়নি। ‘ওশেন সেভেন’ বা সপ্তসিন্ধু জয়ই মূল লক্ষ্য।’
সায়নী এর আগে ইংলিশ, মলোকাই, ক্যাটলিনা, নর্থ আর কুক স্ট্রেইট চ্যানেল— এই পঞ্চসিন্ধু জয় করেছেন। সায়নী জানান, ‘এই মূহূর্তে আমি এপ্রিল মাসে স্পেনের স্টেট অফ জিব্রাল্টার ক্রস করার প্রস্তুতি শুরু করেছি। তারপর আছে জাপানের স্টেট অফ সুগারু। সেটার জন্যও অনুমতির আবেদন পাঠিয়েছি।’ সপ্তসিন্ধু জয়ের ধনুক ভাঙা পণ রক্ষায় জানকবুল ‘সাগরিকা’ সায়নী।
❤ Support Us






