- দে । শ
- এপ্রিল ২৭, ২০২৩
দিল্লির ‘উপহার’-এ অগ্নিকাণ্ড। হল খোলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ট্রায়াল কোর্ট, রায় শীর্ষ আদালতের
১৯৯৭ সালে দিল্লির উপহার সিনেমা হলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৫৯জন দর্শকের মৃত্যুর ঘটনা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। এরপর উপহার সিনেমা হল সিল করে দেওয়া হয়। এই মামলায় বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চের নির্দেশ, অগ্নিকাণ্ডের পরে সিল করে দেওয়া উপহার সিনেমা হল ফের খোলা যাবে কিনা সেব্যাপারে সিদ্ধান্ত নেবে ট্রায়াল কোর্টই। এদিন সুপ্রিম কোর্ট জানিয়েছে, আইনানুগভাবে ট্রায়াল কোর্টে এই সংক্রান্ত আবেদনের সময়সীমা আগামী ১০ সপ্তাহ বেঁধে দেওয়া হল।
এদিন সুপ্রিম কোর্টের যে তিন বিচারপতির বেঞ্চ এই নির্দেশ দিয়েছে, তাতে ছিলেন বিচারপতি কেএম জোশেফ, বিচারপতি বিভি নাগরত্ন এবং বিচারপতি এ আমানুল্লা। সুপ্রিম কোর্টের নির্দেশের ফলে রিয়্যাল এস্টেট ব্যবসায়ী সুশীল আনসাল এবং তার ভাই গোপাল আনসালের সংস্থা আনসাল থিয়েটার্স ও ক্লাবোটেলস প্রাইভেট লিমিটেড এবার উপহার সিনেমা হল খোলার ব্যাপারে ট্রায়াল কোর্টে যাওয়ার সুযোগ পেল। এই দুই সংস্থার প্রাক্তন ডিরেক্টর ছিলেন আনসাল ভ্রাতৃদ্বয়।
উপহার সিনেমা হলে মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনার জেরে আক্রান্তরা একজোট হয়ে অ্যাসোসিয়েশনও গঠন করেন। অ্যাসোসিয়েশেনর প্রেসিডেন্ট নীলম কৃষ্ণমূর্তি এর আগেই দাবি করেছেন, দিল্লি সরকারকে জানাতে হবে আনসাল ভাইয়েরা ট্রমা সেন্টার গড়তে ৬০ কোটি টাকা জমা করেছে কিনা। এব্যাপারে আনসাল ভাইদের আইনজীবী জানান, দ্বারকায় ট্রমা সেন্টার নির্মাণে ইতিমধ্যেই আনসাল ভাইয়েরা ৬০ কোটি টাকা জমা করেছেন। গত ১৭ বছর ধরে উপহার সিনেমা হল যদিও বন্ধ।
এই মামলায় আনসাল ভাইরা অভিযুক্ত হন। সিবিআই এর আগে উপহার সিনেমা হল সিলমুক্ত করার বিরোধিতা করেছে, যতদিন পর্যন্ত না সম্পূর্ণ বিচারপ্রক্রিয়া শেষ হয়। অভিযুক্ত আনসাল ভাইদের কারাবাসও করতে হয় উপহার সিনেমা হলের মর্মান্তিক ঘটনার পরে।
২০১৪ সালের ৫ মার্চ সুপ্রিম কোর্টের দুই সদস্যের বেঞ্চ সুশীল ও গোপাল আনসালকে এক বছরের জন্যে কারাদণ্ডে দণ্ডিত করেছে ট্রায়াল কোর্টের সাজা শিথিল করে। ট্রায়াল কোর্ট আনসাল ভ্রাতৃদ্বয়কে দু’বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছিল।
❤ Support Us





