Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • ফেব্রুয়ারি ২৬, ২০২৬

এনসিইআরটি পাঠ্যবই বিতর্কে কড়া পদক্ষেপ শীর্ষ আদালতের। বিচার ব্যবস্থায় ‘দুর্নীতি’ অধ্যায়ে নিষেধাজ্ঞা, অবিলম্বে বই জব্দের নির্দেশ

আরম্ভ ওয়েব ডেস্ক
এনসিইআরটি পাঠ্যবই বিতর্কে কড়া পদক্ষেপ শীর্ষ আদালতের। বিচার ব্যবস্থায় ‘দুর্নীতি’ অধ্যায়ে নিষেধাজ্ঞা, অবিলম্বে বই জব্দের নির্দেশ

এনসিইআরটির অষ্টম শ্রেণির সমাজবিজ্ঞান বইয়ে ‘বিচারব্যবস্থায় দুর্নীতি’ শীর্ষক অংশ নিয়ে, বুধবার তীব্র অসন্তোষ প্রকাশ করেছিল সুপ্রিম কোর্ট। এবার বিতর্কিত অধ্যায়-সহ বইটির সব মুদ্রিত কপি জব্দ ও অনলাইনে থাকা পিডিএফ অবিলম্বে সরানোর নির্দেশ দিল শীর্ষ আদালত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপের নির্দেশ দিয়ে আদালতের হুঁশিয়ারি, নির্দেশ অমান্য হলে ‘গুরুতর ব্যবস্থা’ নেওয়া হবে। প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ এ দিন মন্তব্য করে, ‘প্রাথমিক ভাবে বিষয়বস্তু দেখে মনে হচ্ছে, এটি বিচারব্যবস্থার মর্যাদা ও কর্তৃত্ব খর্ব করার এক পরিকল্পিত প্রচেষ্টা। চলতে দিলে সাধারণ মানুষের চোখে বিচার ব্যবস্থার ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে।’

বিতর্কের কেন্দ্রে জাতীয় শিক্ষাগত গবেষণা ও প্রশিক্ষণ পরিষদ  বা এনসিইআরটি  থেকে প্রকাশিত অষ্টম শ্রেণির নতুন সমাজবিজ্ঞান বই। তাতে ‘আমাদের সমাজে বিচারব্যবস্থার ভূমিকা’ অধ্যায়ের অন্তর্গত একটি অংশে বিচারব্যবস্থায় দুর্নীতি, মামলার জট ও বিচারপতি-স্বল্পতা, বদলের প্রক্রিয়ার মতো প্রসঙ্গ রয়েছে। বইটিতে উল্লেখ করা হয়েছে, বর্তমানে সুপ্রিম কোর্টে প্রায় ৮১ হাজার, উচ্চ আদালতগুলিতে ৬২.৪ লক্ষ এবং জেলা ও অধস্তন আদালতে ৪.৭ কোটি মামলা দীর্ঘদিন ধরে শুনানির অভাবে ঝুলে রয়েছে।  আদালতের অভ্যন্তরীণ জবাবদিহির প্রক্রিয়া ও সিপিজিআরএমএস–এর মতো অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থার কথাও বইয়ে লেখা হয়েছে। ২০১৭ থেকে ২০২১; এ সময়ে ১,৬০০-রও বেশি অভিযোগ পাওয়ার তথ্যও উদ্ধৃত হয়েছে। প্রাক্তন প্রধান বিচারপতির বক্তব্যের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, তিনি সেখানে বিচারব্যবস্থার স্বচ্ছতা ও জবাবদিহির উপর জোর দিয়েছিলেন।

বুধবার সিনিয়র আইনজীবী কপিল সিবাল বিষয়টি আদালতের নজরে আনেন। শুনানিতে প্রধান বিচারপতি বলেন, ‘বিচারব্যবস্থায় আজ রক্তক্ষরণ করার চেষ্টা চলছে। এটি গভীর ষড়যন্ত্র বলেই মনে হচ্ছে।’ সংস্থার বিজ্ঞপ্তিতে ‘স্পষ্ট ক্ষমাপ্রার্থনা’র অনুপস্থিতি নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তিনি। তিনি বলেন, ‘সংস্থাকে কোনোরকম ক্ষমা চাইতে দেখলাম না। বরং নিজেদের ভুল বার্তাকে রক্ষা করার চেষ্টা হয়েছে।’ বিচারপতিরা বলছেন, তাঁরা যুক্তিসঙ্গত সমালোচনা রোধ করতে চান না। কঠোর ও সুস্থ আলোচনা প্রতিষ্ঠানকে প্রাণবন্ত রাখে। কিন্তু এ পাঠ্যবইয়ের ভাষা ও উপস্থাপনা কিশোর মনের উপর কী প্রভাব ফেলবে, তা গভীরভাবে বিবেচনা করা জরুরি। বেঞ্চ আরও জানায়, দায় নির্ধারণে প্রয়োজনে গভীরতর তদন্ত হবে। ‘কে দায়ী, তা খুঁজে বের করাই আমাদের প্রাতিষ্ঠানিক দায়িত্ব। কেউ পার পাবে না’— মন্তব্য প্রধান বিচারপতির।

প্রবল বিতর্কের মাঝে, বুধবার এনসিইআরটির তরফে একে ‘ত্রুটি’ বলে স্বীকার করে সংশ্লিষ্ট অংশ পুনর্লিখনের আশ্বাস দেওয়া হয়। তবে আদালত জানায়, সে বিবৃতিতে স্পষ্ট ক্ষমাপ্রার্থনা নেই। শুনানিতে সলিসিটর জেনারেল তুষার মেহতা শিক্ষা মন্ত্রকের পক্ষ থেকে নিঃশর্ত ক্ষমা চান এবং আদালতের নির্দেশ মেনে চলার আশ্বাস দেন। আদালত এনসিইআরটির ডিরেক্টর ও স্কুল শিক্ষা সচিবকে এহেন বিতর্কিত বিষয়, স্কুল পাঠ্যে যুক্ত করার কারণ দর্শানোর নোটিস জারি করেছে।  আদালতের স্পষ্ট হুঁশিয়ারি, ‘কেন দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, তা ব্যাখ্যা করতে হবে সংস্থার কর্মকর্তাদেরই।’

সূত্রের খবর, বিতর্কিত বইটির ২.২৫ লক্ষ কপি ছাপা হলেও বিক্রি হয়েছে মাত্র ৩৮টি। বাকি কপিগুলি গুদামে ফিরিয়ে নেওয়া হয়েছে। ইতিমধ্যে আদালত নির্দেশ দিয়েছে, বিতর্কিত বই থেকে কোনো রকম পাঠদান করা যাবে না। এপ্রিল থেকে সিবিএসই সংযুক্ত স্কুলগুলিতে নতুন শিক্ষাবর্ষ শুরু। ফলে অনেক স্কুল আপাতত পুরনো সংস্করণের বই ব্যবহার করতে পারে বলে ইঙ্গিত মিলেছে। সংশোধিত সংস্করণ দ্রুত আনার চেষ্টা চলছে। পুরো বই বাতিল না করে বিতর্কিত অংশ সংশোধন করে পুনর্মুদ্রণের পথই সম্ভবত বেছে নেবে এনসিইআরটি— এমনটাই শিক্ষা মহলের ধারণা। তবে, এ বিতর্ক কেবল একটি অধ্যায়ের সীমায় আবদ্ধ নয়। প্রশ্ন উঠেছে, পাঠ্যবইয়ে প্রতিষ্ঠানগুলির উপস্থাপন কতটা সমালোচনামূলক হতে পারে? গণতান্ত্রিক কাঠামোর তিন স্তম্ভ— আইনসভা, নির্বাহী ও বিচারব্যবস্থার পারস্পরিক ভারসাম্য রক্ষা করে পাঠ্যক্রম নির্মাণের সীমারেখা কোথায়? আদালতের পর্যবেক্ষণ, সংবিধান প্রণেতারা তিন অঙ্গের স্বায়ত্তশাসন ও মর্যাদা রক্ষার বিষয়টি মাথায় রেখেই কাঠামো নির্মাণ করেছিলেন। সে প্রেক্ষিতে কিশোর শিক্ষার্থীদের পাঠ্যক্রমে এমন উপস্থাপনা কতটা গ্রহণযোগ্য? এ নিয়েই এখন দেশজুড়ে চলছে তর্ক-বিতর্ক।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!