Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • অক্টোবর ২৭, ২০২৫

কেন্দ্র সরকারকে অবিলম্বে দিতে হবে বকেয়া টাকা, সুপ্রিম নির্দেশে পুনরায় শুরু বাংলার ১০০ দিনের কাজ ?

আরম্ভ ওয়েব ডেস্ক
কেন্দ্র সরকারকে অবিলম্বে দিতে হবে বকেয়া টাকা, সুপ্রিম নির্দেশে পুনরায় শুরু বাংলার ১০০ দিনের কাজ ?

পশ্চিমবঙ্গে ৩ বছরের বেশি সময় ধরে বন্ধ থাকা  ‘মনরেগা’ বা ১০০ দিনের কাজের প্রকল্প ফের শুরু হচ্ছে। সোমবার, কেন্দ্র সরকারের আবেদন খারিজ করে কলকাতা হাইকোর্টের রায়ই বহাল রাখল দেশের সর্বোচ্চ আদালত। নির্দেশ এল, রাজ্যের আটকে থাকা বকেয়া টাকা কেন্দ্রকে অবিলম্বে দিতে হবে।

গত ১ আগস্ট থেকে হাইকোর্ট রাজ্যে ১০০ দিনের কাজ পুনরায় শুরু করার নির্দেশ দিয়েছিল।  কেন্দ্রের দাবি ছিল, প্রকল্পে ব্যাপক দুর্নীতি হয়েছে। প্রকৃত শ্রমিকরা বঞ্চিত হয়েছেন, টাকা ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে— এ যুক্তিতেই তারা বকেয়া অর্থ আটকে রেখেছিল। হাইকোর্ট কিন্তু রাজ্যের পক্ষে রায় দিয়ে জানিয়েছিল, ‘যে অভিযোগ রয়েছে, তা ২০২২ সালের আগের। তার তদন্ত করা যাবে, কিন্তু এখন প্রকল্পের কাজ বন্ধ রাখার কোনো কারণ নেই।’ হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে কেন্দ্র সরকার।

এদিন, সুপ্রিম কোর্টের দুই বিচারপতি বিক্রম নাথ ও সন্দীপ মেহতার কেন্দ্রের আবেদনের শুনানিতে সরাসরি মন্তব্য করেন, ‘আপনারা মামলা তুলে নেবেন, না কি আমরা তা খারিজ করে দেব?’ শেষ পর্যন্ত মামলাটি খারিজ করে দেওয়ায় কার্যত হাইকোর্টের রায়ই বহাল থাকল। এই নির্দেশনার ফলে দীর্ঘদিন পর রাজ্যে ১০০ দিনের কাজ শুরু হবে। শুধু তাই নয় রাজ্য সরকারের দীর্ঘদিনের দাবি, ‘মনরেগা’র  বকেয়া টাকা কেন্দ্রকে দ্রুত মঞ্জুর করবার নির্দেশ দিয়েছে সুপ্রিম আদালত। ফলে পশ্চিমবঙ্গের প্রত্যন্ত এলাকার মানুষরা আবার কর্মসংস্থানের সুযোগ পাবেন। খেতমজদুর সমিতির আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, ‘কেন্দ্র অন্যায়ভাবে প্রকল্পের টাকা  বন্ধ রেখেছিল। আদালতের নির্দেশের ফলে আবার গরিব মানুষ কাজ পাবেন।’

বিধানসভা নির্বাচনের আগেই, রাজ্যে ৩ বছরের বেশি সময় ধরে বন্ধ থাকা এই প্রকল্পের কাজ ফের শুরু হওয়ার ফলে বাংলার শ্রমজীবী মানুষ তো বটেই, নবান্নেও উৎসবের আমেজ। বিশ্লেষকদের মতে এসআইআর আবহে, বিজেপির আক্রমণের বিপরীতে ১০০ দিনের কাজ আবার চালু করবার আইনি লড়াই এবার ভোটে তৃণমূল শিবিরের অন্যতম হাতিয়ার হয়ে উঠতে পারে। প্রান্তিক অঞ্চলের ব্যাপক জনসমর্থন জুটতে পারে। এ প্রকল্পে দুর্নীতির অভিযোগ ধারাবাহিক।  তাই হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, প্রত্যন্ত এলাকায় প্রকল্পের সুবিধা নিশ্চিত করার জন্য পর্যবেক্ষণ দলও তৈরি করতে হবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!