Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • জানুয়ারি ১৯, ২০২৬

‘এসআইআর’ মামলায় শীর্ষ আদালতে জয় তৃণমূলের, প্রকাশ হবে ‘অসঙ্গতি’ তালিকা। নথি জমা দিলে মিলবে রসিদ

আরম্ভ ওয়েব ডেস্ক
‘এসআইআর’ মামলায় শীর্ষ আদালতে জয় তৃণমূলের, প্রকাশ হবে ‘অসঙ্গতি’ তালিকা। নথি জমা দিলে মিলবে রসিদ

পশ্চিমবঙ্গের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া নিয়ে তৃণমূলের করা মামলায় সুপ্রিম কোর্ট সোমবার স্পষ্ট নির্দেশ দিয়েছে। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ, সোমবারের শুনানি শেষে জানিয়ে দিয়েছে, নির্বাচন কমিশনকে ‘লজিক্যাল ডিসক্রেপেন্সি’ বা তথ্যগত অসঙ্গতির তালিকা প্রকাশ করতে হবে। সে তালিকা রাজ্যের সমস্ত গ্রাম পঞ্চায়েত দফতর, ব্লক অফিস এবং ওয়ার্ড অফিসে টাঙিয়ে রাখতে হবে। এছাড়া শুনানিতে ভোটাররা যে কোনো নথি জমা দেবেন, সেটির স্বীকৃতি হিসেবে স্থানীয় কর্তৃপক্ষকে লিখিতভাবে রসিদ দিতে হবে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার শুরুতে প্রায় ১.৩৬ কোটি ভোটারকে তথ্যগত অসঙ্গতির কারণে চিহ্নিত করা হয়েছিল। পরে সংশোধিত তথ্য অনুযায়ী সংখ্যা কমে দাঁড়ায় ৯৪ লক্ষ ৫০ হাজারে। সে তালিকায় থাকা ভোটারদেরই নোটিস পাঠানো হচ্ছে। এই প্রক্রিয়া নিয়ে তৃণমূল, বিশেষ করে দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, কমিশনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি আদালতের মাধ্যমে এই তালিকা প্রকাশের দাবি তোলেন। শুনানিতে রাজনৈতিক দলের প্রতিনিধি বা বুথ লেভেল এজেন্টদের থাকার অনুমতিও সুপ্রিম কোর্ট নিশ্চিত করেছে। প্রধান বিচারপতির বেঞ্চ নির্দেশ দিয়েছে, প্রতিটি ব্লক অফিসে আলাদা কাউন্টার বা অফিস খোলা হবে, যেখানে ভোটাররা নথি জমা দিতে পারবেন এবং আপত্তি জানাতে পারবেন। রাজ্য সরকারকে পর্যাপ্ত কর্মী মোতায়েন করতে হবে, যারা পঞ্চায়েত ভবন ও ব্লক অফিসে বসে ভোটারদের শুনবেন। পুরো প্রক্রিয়ায় যথাযথ পুলিশি ও আইন-শৃঙ্খলার ব্যবস্থা রাখতে হবে।

নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে যে, ভোটার চাইলে প্রতিনিধি বা অনুমোদিত এজেন্টের মাধ্যমে নথি জমা দিতে পারবেন। সেই প্রতিনিধির কাছে ভোটারের স্বাক্ষর বা আঙুলের ছাপসহ অনুমতিপত্র থাকতে হবে। এ নির্দেশ কার্যকর হতেই তৃণমূলের ‘সেনাপতি’ বারাসতের সভা থেকে বিজেপি এবং কমিশনের বিরুদ্ধে সরাসরি কটাক্ষ করেন। অভিষেক বলেন, ‘বিজেপি ও কমিশন বাংলার এক কোটি ভোটারের নাম বাদ দিতে চেয়েছিল। আজ সুপ্রিম কোর্ট আমাদের দাবিকে স্বীকৃতি দিয়েছে। তথ্যগত অসঙ্গতির তালিকা প্রকাশ করতে হবে এবং শুনানিতে এজেন্টদের থাকার অনুমতি দেওয়া হয়েছে। এ বাংলার মানুষের জয়।’

এসআইআর প্রক্রিয়ায় তথ্যগত অসঙ্গতিগুলি এক ধরনের নয়। বাবার নামের মিল না থাকা প্রায় ৫০ লক্ষ ৯৩ হাজার ভোটারের ক্ষেত্রে, মা-বাবার সঙ্গে সন্তানের বয়সের ব্যবধান ১৫ বছরের কম থাকা ৪ লক্ষ ৭৪ হাজার ভোটারের ক্ষেত্রে, মা-বাবা ও সন্তানের বয়সের ব্যবধান ৫০ বছর বা তার বেশি থাকা ৭ লক্ষ ৮৫ হাজার ভোটারের ক্ষেত্রে, ঠাকুরদা ও নাতি-নাতনির বয়সের ফারাক মাত্র ৪০ বছর থাকা ২ লক্ষ ৫০ হাজার ভোটারের ক্ষেত্রে, এবং ‘প্রোজেনি ৬’ বা এক ভোটারের সঙ্গে ছয়জন উত্তরাধিকারীর নাম যুক্ত থাকা ২৮ লক্ষ ৪৮ হাজার ভোটারের ক্ষেত্রে তালিকায় চিহ্নিত হয়েছে।  তৃণমূলের অভিযোগ, রাজনৈতিকভাবে বিরোধী দলকে মোকাবিলা করতে না পেরে কমিশন ও কেন্দ্র সরকার বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা করছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘৫৮ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়ার চেষ্টা ব্যর্থ হওয়ার পর এবার ১ কোটি ৩৬ লক্ষ মানুষের কাছে ‘লজিক্যাল ডিসক্রেপেন্সি’ নোটিস ধরিয়ে ভোটার তালিকা ছাঁটাইয়ের চেষ্টা চলছে। এই ২ মাসে প্রায় ৯২ জন মানুষ এসআইআর-এর ভয়ে প্রাণ হারিয়েছেন। আমরা আদালতে গিয়েছিলাম এবং তালিকা প্রকাশের দাবি জানিয়েছিলাম। সুপ্রিম কোর্ট আমাদের দাবিকে মান্যতা দিয়েছে। এখন কোর্টে হারাচ্ছি, ভোটেও হারাবো ওদের।’

শীর্ষ আদালত আরো নির্দেশ দিয়েছে, শুধু তালিকা প্রকাশ করলেই হবে না। তা গ্রাম পঞ্চায়েত ও ব্লক অফিসে টাঙিয়ে রাখতে হবে, এবং কাকে কোন্ কারণে শুনানিতে ডাকা হচ্ছে তা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। গণ্য মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে এসআইআর প্রক্রিয়ায় নথি হিসেবে গ্রহণ করতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, ‘এবার ভোটে বিজেপিকে ৫০-এর নিচে নামাতে হবে। যারা আমাদের ভোট দিচ্ছেন না, তাদেরও অধিকার রক্ষা করতে হবে। আমরা বুথ ধরে বুথ ধরে শিক্ষা দেব।’ বিশ্লেষকদের মতে, সুপ্রিম কোর্টের নয়া নির্দেশ পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় স্বচ্ছতার নতুন দিগন্ত খুলে দেবে। ‘লজিক্যাল ডিসক্রেপেন্সি’ তালিকা প্রকাশের নির্দেশ, নথি জমা দিলে রসিদ প্রদানের বাধ্যবাধকতা এবং বিএলএদের শুনানিতে থাকার অনুমতি, সবই তৃণমূলের দাবির সঙ্গে সঙ্গতিপূর্ণ। তাই এই রায়কে রাজনৈতিকভাবে তৃণমূলের বড়ো জয় হিসেবেই দেখা হচ্ছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!