- দে । শ
- মে ২, ২০২৩
সুপ্রিম রায়ে স্বস্তি ! দিল্লি হিংসার মামলায় অভিযুক্ত তিন পড়ুয়ার জামিনের রায় বহাল
সুপ্রিম রায়ে তিন পড়ুয়ার জামিন বহাল রইল। ২০২০ সালের দিল্লি হিংসা মামলায় অভিযুক্ত ছাত্র নেতা আসিফ ইকবাল তনহা, নাতাশা নারওয়াল, দেবাঙ্গনা কলিতাকে জামিন দিয়েছিল দিল্লি হাইকোর্ট। সেই রায়ের বিরুদ্ধে শীর্ষ আদালতে আবেদন জানিয়েছিল রাজধানীর পুলিশ। যা নাকচ করে দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালতের বিচারপতিরা ।
মঙ্গলবার সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কিষাণ কল এবং বিচারপতি আহসানুদ্দিন আমানুল্লার বেঞ্চে মামলার শুনানি হয়। দিল্লি পুলিশের হয়ে সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। তিনি বলেন, হাই কোর্ট এ সম্পর্কিত যে মন্তব্যগুলি করেছে তার প্রভাব সুদূরপ্রসারী হতে পারে। এমনকি ইউএপিএ আইনকে দুর্বল করে দিতে পারে। পালটা প্রতিক্রিয়ায়, বিচারপতি কল বলেছেন, জামিনের শুনানি সীমিত পরিসরে হওয়া উচিত। কিন্তু উভয় পক্ষই এব্যাপারে বিস্তারিত ভাবে সওয়াল করছে। এমন পরিস্থিতিতে আদালতের রায়ে সেই সওয়াল পর্বকে উল্লেখ করা ছাড়া অন্য কোনো উপায় নেই।
২০২১ সালের জুনে দিল্লি হাইকোর্ট ছাত্রনেতা-নেত্রীদের জামিন মঞ্জুর করে। সে সময় আদালত, পুলিশি তদন্ত নিয়ে নিজেদের ক্ষোভ প্রকাশ করে জানায়, জঙ্গি কার্যকলাপ এবং সাংবিধানিক উপায়ে প্রতিবাদের মধ্যে পার্থক্যকে গুলিয়ে দেওয়া হচ্ছে। যে ভিত্তিতে অভিযুক্তদের জামিনের বিরোধিতা করা হচ্ছে তা অত্যন্ত দুর্বল। বিচারপতিদের পর্যবেক্ষণ সন্ত্রাসবাদী কার্যকলাপে জড়িত থাকার যে সমস্ত অভিযোগ করা হচ্ছে, তার প্রাথমিক তথ্য প্রমাণই পুলিশের কাছে নেই। তাই জামিনের আবেদন নাকচ করবার কোনো প্রশ্ন ওঠে না। এখানে বলা প্রয়োজন অভিযুক্তদের বিরুদ্ধে ইউএপির আইনে মামলা রুজু করেছিল পুলিশ। যা নিয়ে সে সময়েও হাইকোর্টে প্রশ্ন উঠেছিল। শীর্ষ আদালতের আজকের রায়ে হাইকোর্টের সেদিনের অবস্থানের যথার্থতা প্রমাণ করল।
❤ Support Us





