- এই মুহূর্তে দে । শ
- জানুয়ারি ১৪, ২০২৬
আইপ্যাক-কাণ্ডে ইডির মামলা সুপ্রিম কোর্টে, শুনানি বৃহস্পতিবার
আইপ্যাক (I-PAC) সংক্রান্ত মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) যে মামলা সুপ্রিম কোর্টে দায়ের করেছে, তার শুনানি হবে বৃহস্পতিবারই। বুধবার শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, বেলা সাড়ে ১১টা নাগাদ মামলাটি শুনবে বিচারপতি প্রশান্তকুমার মিশ্র ও বিচারপতি বিপুল মনুভাই পাঞ্চোলির বেঞ্চ।
আইপ্যাক নিয়ে ইডি যে সুপ্রিম কোর্টে যেতে পারে, সেই সম্ভাবনা মাথায় রেখে আগেই রাজ্য সরকার ক্যাভিয়েট দাখিল করেছিল। রাজ্যের তরফে স্পষ্ট জানানো হয়, এই মামলায় কোনও একতরফা শুনানি যেন না হয় এবং রাজ্যকেও মামলার বিষয়ে অবহিত করে তাদের বক্তব্য শোনা হয়।
উল্লেখ্য, গত ৮ জানুয়ারি বেআইনি কয়লা পাচার মামলার তদন্তে ইডি কলকাতার দু’টি জায়গায় তল্লাশি অভিযান চালায়। একটি তল্লাশি হয় সল্টলেকের সেক্টর ফাইভে রাজ্য সরকার ও তৃণমূল কংগ্রেসের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের দফতরে, অন্যটি লাউডন স্ট্রিটে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে। তল্লাশির সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ঘটনাস্থলে যান এবং একাধিক নথিপত্র বের করে নিয়ে যান বলে অভিযোগ ওঠে।
এই ঘটনার পর ইডি এবং তৃণমূল কংগ্রেস পৃথক ভাবে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করে। ইডির অভিযোগ ছিল, মুখ্যমন্ত্রী সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার করে তল্লাশির সময় নথি কেড়ে নিয়ে গিয়েছেন। অন্য দিকে, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে করা মামলায় তৃণমূলের দাবি ছিল, ভোটের আগে ইডির এই অভিযান রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। দলের সংবেদনশীল নথি ও নির্বাচনী কৌশল চুরি করে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ তোলে তারা।
বুধবার কলকাতা হাই কোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে এই জোড়া মামলার শুনানি হয়। সেখানে ইডি জানায়, তল্লাশির সময় তারা কোনও নথি বাজেয়াপ্ত করেনি। এই বক্তব্যের পর তৃণমূলের করা মামলাটি নিষ্পত্তি করে দেয় হাই কোর্ট। তবে ইডির মামলাটি আপাতত মুলতুবি রাখা হয়, কারণ আইপ্যাক সংক্রান্ত বিষয়টি নিয়ে ইডি ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। শীর্ষ আদালতে মামলার অগ্রগতি দেখার পরই হাই কোর্টে ফের সেই মামলার শুনানি হবে।
উল্লেখযোগ্য ভাবে, গত শুক্রবার হাই কোর্টে আইপ্যাক মামলার শুনানি ১৪ জানুয়ারি পর্যন্ত মুলতুবি রাখা হয়েছিল। এরপরই ইডি দ্রুত শুনানির আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে যায়। রাজ্য সরকার শনিবার ক্যাভিয়েট দাখিল করে জানায়, আইপ্যাক-এ তল্লাশি সংক্রান্ত কোনও মামলায় রাজ্যের বক্তব্য না শুনে যেন সুপ্রিম কোর্ট কোনও নির্দেশ না দেয়। অবশেষে বৃহস্পতিবার সেই মামলার শুনানির দিনক্ষণ ও বেঞ্চ প্রকাশ্যে জানিয়ে দিল শীর্ষ আদালত।
❤ Support Us







