- এই মুহূর্তে দে । শ
- জানুয়ারি ২০, ২০২৫
মিড-ডে মিলে খেয়ে অসুস্থ। চিকিৎসার গাফিলতিতে ছাত্রীর মৃত্যুর অভিযোগ, বিক্ষোভ কালনা মহকুমা হাসপাতালে
স্কুলে মিড-ডে মিলের খিচুড়ি খেয়ে অসুস্থ হয়ে পড়া পড়ুয়াকে সাপে কামড়ানোর ইঞ্জেকশন দেওয়ার অভিযোগ। তার ফলে ওই ছাত্রীর মৃত্যুর ঘটনাকে ঘিরে তীব্র উত্তেজনা। ঘটনার পর কালনা মহকুমা হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগে সরব পড়ুয়ার পরিবার। ওই পড়ুয়ার দেহ ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কালনার ধাত্রীগ্রাম বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রী সাধনা বসাক (১১) দুপুরে স্কুলে মিড-ডে মিলের খিচুড়ি খাওয়ার পর অসুস্থ বোধ করতে থাকে। স্কুল থেকে বাড়িতে খবর পাঠানো হয়। তারপরই সাধনাকে বাড়ি নিয়ে আসা হয়। বাড়ি থেকে নিয়ে যাওয়া হয় কালনা মহকুমা হাসপাতালে। অভিযোগ, সেখানে ওষুধ, ইঞ্জেকশন দেওয়ার পর সন্ধ্যায় রেফার করা হয় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় ওই ছাত্রীর।
ছাত্রীর বাবা বিষ্ণু বসাক জানান, ‘আমাকে কালনা হাসপাতালে ডাক্তারবাবুরা জিজ্ঞাসা করেন, মেয়েকে কিছুতে কামড়েছে কিনা! আমি গোটা গা দেখেছি কোথাও কোনোও কামড়ের চিহ্ন নেই। আমার সুস্থ স্বাভাবিক মেয়েটার ভুল চিকিৎসার কারণে মৃত্যু হল।’ আরও বলেন, ‘বর্ধমানের ডাক্তাররা বললেন, আপনার মেয়েকেতো সাপে কাটার ইঞ্জেকশন দেওয়া হয়েছে।’ চিকিৎসায় গাফিলতির অভিযোগ সম্পর্কে কালনা মহকুমা হাসপাতালের সহকারী সুপার গৌতম বিশ্বাস জানান, ‘ ওই ছাত্রীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পেলেই স্পষ্ট হবে কী কারণে মৃত্যু হয়েছে।’ ছাত্রীর আত্মীয় সঞ্জয় বসাক বলছিলেন, ‘ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেব। এই অকালমৃত্যু মানতে পারছি না।’
❤ Support Us








