- এই মুহূর্তে দে । শ
- মার্চ ১৮, ২০২৬
চলতি সপ্তাহেই বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা, সংখ্যালঘু মুখ থাকবে কি তালিকায় ?
চলতি সপ্তাহেই প্রায় দেড়শো নাম নিয়ে দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে বিজেপি, আর সেই তালিকাকে ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। বিশেষ করে মুসলিম সংখ্যালঘু প্রতিনিধিত্বের প্রশ্নটি এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। প্রথম দফার তালিকায় একজনও মুসলিম প্রার্থীকে টিকিট না দেওয়ায় বিরোধীদের তীব্র সমালোচনার মুখে পড়তে হয় গেরুয়া শিবিরকে। তাই দ্বিতীয় তালিকায় সেই অবস্থান বদলায় কি না, সেদিকেই নজর রাখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
দ্বিতীয় তালিকায় মাফুজা খাতুনের নাম নিয়ে কিছুটা জল্পনা তৈরি হলেও, দলীয় সূত্রে ইঙ্গিত মিলেছে যে তাঁকে প্রার্থী করার সম্ভাবনা খুবই কম। ফলে সংখ্যালঘু প্রতিনিধিত্বের প্রশ্নে বিজেপির অবস্থান নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হতে পারে বলেই মনে করা হচ্ছে।
এদিকে প্রার্থী বাছাই চূড়ান্ত করতে দিল্লিতে টানা বৈঠক চালাচ্ছে দলের শীর্ষ নেতৃত্ব। মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত বঙ্গ বিজেপি নেতাদের সঙ্গে একাধিক দফায় আলোচনা হয়েছে। প্রথমে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাসভবনে বৈঠক হয়, পরে রাতে প্রাক্তন সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার বাড়িতে গভীর রাত পর্যন্ত দীর্ঘ আলোচনা চলে। এই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-ও।
গুরুত্বপূর্ণ এই বৈঠকে রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার ছাড়াও বাংলার দায়িত্বপ্রাপ্ত নেতা সুনীল বানসল ও বিপ্লব দেব উপস্থিত ছিলেন। সূত্রের দাবি, অধিকাংশ আসনের প্রার্থী ইতিমধ্যেই চূড়ান্ত হয়ে গিয়েছে।
চূড়ান্ত সিলমোহর পড়বে বুধবার, যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। এরপরই আনুষ্ঠানিকভাবে প্রকাশ পেতে পারে বহু প্রতীক্ষিত দ্বিতীয় প্রার্থী তালিকা, যা রাজ্যের রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
❤ Support Us






