- এই মুহূর্তে দে । শ
- এপ্রিল ১৪, ২০২৩
সর্ষের ভেতরেই ভূত ! পেন্টাগনের গোপন নথি ফাঁস করে গ্রেফতার মার্কিনি জ্যাক
রুশ-ইউক্রেন যুদ্ধের তথ্যে ঠাসা দলিলকে বড্ড লঘুচোখে দেখছেন বাইডেন। কেন ?
চিত্র: সংবাদ সংস্থা
রুশ-ইউক্রেন যুদ্ধ নিয়ে পেণ্টাগনের গোপন নথি প্রকাশ্যে চলে এল। মার্কিন বায়ু সেনাঘাঁটিতে কর্মরত একুশ বছরের এক শিক্ষানবিশির কৌশলে প্রতিরক্ষা সংক্রান্ত তথ্য ইণ্টারনেটে ফাঁস হয়েছে। বৃহস্পতিবার গোয়েন্দারা অভিযুক্তকে গ্রেফতার করেছেন। নাম জ্যাক টেকজেরিয়া। যে পদে তিনি কাজ করতেন সেক্ষেত্রে দ্বাদশ শ্রেণির শিক্ষাগত যোগ্যতা, ড্রাইভিং লাইসেন্স আর তথ্য প্রযুক্তি সম্পর্কে গভীর জ্ঞানের প্রয়োজন। গোয়েন্দাদের অনুমান, শেষোক্ত কৌশলকে কাজে লাগিয়ে তথ্য ফাঁসের কাণ্ডটি তিনি ঘটিয়েছেন।
সংবাদ সংস্থার খবর, প্রকাশ্যে বের হয়ে আসা নথিতে রুশ -ইউক্রেন যুদ্ধের বহু গোপন তথ্য রয়েছে । কিন্তু তা কী, তদন্তকারীরা বলেননি। পশ্চিমি দেশগুলো বিষয়টি নিয়ে এখনও নীরব।মুখ খোলেনি ইউরোপীয় ইউনিয়ন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও গোপন তথ্য ফাঁসের গল্পকে বিলকুল আমল দিচ্ছেন না।
খবরটি যদি সত্য হয়, তাহলে একথা প্রমাণিত হবে আমেরিকার ভেতরেই ঘুণপোকা বাস করছে। ইতিপূর্বে দেখা গেছে, ওয়াশিংটন স্বস্তিতে নেই। ইউক্রেন যুদ্ধকে ঘিরে দেশের ভিতরেই উল্টো হাওয়া বইছে। বহু নাগরিক ইউক্রেনে রুশ আগ্রাসন নিয়ে প্রশ্ন তুলেছেন। ন্যাটো, বিশেষ করে আমেরিকা চাইছিল রাশিয়ার অভ্যন্তরে পুতিন বিরোধী অসন্তোষ ছড়িয়ে পড়ুক। পশ্চিমের ষড়যন্ত্রেই গোপন তথ্য ফাঁসের ঘটনা ঘটতে পারে, এরকম অনুমান সম্ভবত কষ্টকল্পিত নয়।
আধুনিক পৃথিবী যুদ্ধ বিরোধী। দু দুটি মহাসমর দেখেছে ভাঙন পূর্ব দুনিয়া। দেখেছে নাগাসাকি আর হিরোসিমায় বীভৎস ধ্বংসলীলা। দুই যুদ্ধের পর একের পর এক দেশের মানচিত্র বদলেছে। জন্ম নিয়েছে নতুন নতুন দেশ। ঔপনিবেশিকতা হার মানতে বাধ্য হয়েছে। মানুষের সংগ্রাম, বিজ্ঞান, সাহিত্য ও শিল্পকীর্তি ভাঙন পেরিয়ে নির্মাণের স্বপ্ন দেখেছে। স্বপ্নকে বাস্তবায়িতও করেছে। এরকম পরিস্থিতির বদল চায় না মানুষ। চায় সার্বিক অগ্রগতি। এজন্যই যুদ্ধের সম্ভাবনা দেখা দিলে অট্টহাসিতে, তির্যক ভঙ্গিতে গর্জে ওঠে তার অভ্যন্তরীণ জোরালো কণ্ঠ । আর বাইরে বেরিয়ে তা হয়ে ওঠে সমূহের প্রতিবাদ ও ধিক্কার । রুশ-ইউক্রেন যুদ্ধ নিয়ে মানবিক চিৎকার এখনও ততটা দানা বাঁধেনি । অদূর ভবিষ্যতে জনমত অবশ্যই জড়ো হবে । শক্তিধর আমেরিকা, চিন আর রাশিয়া শীতল যুদ্ধে অবতীর্ণ । তাদের ষড়যন্ত্রকেও ধূলিস্যাৎ করে দেবে যুদ্ধ-বিরোধী দৃঢ়তা । গোপন তথ্য ফাঁসের কাহিনির সম্ভাব্য বাস্তবতা প্রমাণ করবে, শক্তিধর আর অস্ত্রব্যবসায়ীদের ষড়যন্ত্রের হাত অনেক লম্বা। সে হাতকে খাটো করে দেখতে চাইছে ওয়াশিংটন।
❤ Support Us






