- দে । শ
- অক্টোবর ১৩, ২০২৩
খালিস্তানিদের খুনের হুমকির পরই বিদেশমন্ত্রীর নিরাপত্তা বাড়ল
খালিস্তানিদের খুনের হুমকির পরই ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের নিরাপত্তা বাড়ানো হল।কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, ওয়াই থেকে জেড ক্যাটেগরিতে উন্নীত করা হল বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের নিরাপত্তা বলয়। গোয়েন্দা বিভাগের রিপোর্টের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। ফলে এবার থেকে জয়শঙ্করকে নিরাপত্তা দেবে সিআরপিএফ। এর আগে এই দায়িত্ব ছিল দিল্লি পুলিশের হাতে। কানাডার সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই জয়শঙ্করের উপরে হামলা হতে পারে, এমন তথ্য গোয়েন্দাদের কাছে এসেছে, সেই রিপোর্টের ভিত্তিতেই তাঁর নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে জানা গেছে।
খালিস্তানি জঙ্গি নেতা, হরদীপ সিং নিজ্জার খুনে ভারতের হাত রয়েছে বলে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর বিস্ফোরক মন্তব্যের পর থেকেই দুই দেশের কূটনৈতিক সম্পর্ক কার্যত তলানিতে এসে ঠেকেছে। তবে শোনা গিয়েছিল, কানাডার বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক করে এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন জয়শঙ্কর। তবে তার মধ্যেই কানাডায় একাধিক পোস্টার লাগিয়েছে খালিস্তানীরা। শিখদের শত্রু হিসাবে নরেন্দ্র মোদি, এস জয়শংকরের ছবি দিয়ে সেই পোস্টার লাগানো হয়েছে। পোস্টারে স্পষ্ট হুমকি দিয়ে লেখা হয়েছে, শিখের শত্রুদের নিকেশ করে দিতে হবে।
কানাডায় এই পোস্টার প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে ভারতের গোয়েন্দা বিভাগ। সূত্রের খবর, এই পোস্টার সামনে আসতেই জয়শঙ্করের উপর হামলার আশঙ্কা প্রকাশ করা হয়েছে গোয়েন্দা রিপোর্টে। সেই রিপোর্টের ভিত্তিতেই বাড়ানো হল বিদেশমন্ত্রীর নিরাপত্তা। ১২ জনেরও বেশি সিআরপিএফ জওয়ানের দল এখন থেকে থাকবে জয়শঙ্করের নিরাপত্তার দায়িত্বে। দেশের যেকোনও প্রান্তেই এই নিরাপত্তা পাবেন ভারতের বিদেশমন্ত্রী। গোয়েন্দা সূত্রে এমনটাই জানা গেছে।
❤ Support Us






