Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জানুয়ারি ২১, ২০২৬

জগন্নাথ মন্দিরে বিস্ফোরণের হুমকি, সন্ত্রস্ত পুরী। গ্রেফতার একব্যক্তি

আরম্ভ ওয়েব ডেস্ক
জগন্নাথ মন্দিরে বিস্ফোরণের হুমকি, সন্ত্রস্ত পুরী। গ্রেফতার একব্যক্তি

পুরীর জগন্নাথ মন্দিরকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি ঘিরে মঙ্গলবার তীব্র আতঙ্ক ছড়ায়। সোশাল মিডিয়ায় একটি ফেসবুক পোস্ট ভাইরাল হতেই নড়েচড়ে বসে প্রশাসন। দ্রুত মন্দির চত্বর ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয় এবং শুরু হয় ব্যাপক তল্লাশি অভিযান। যদিও তল্লাশিতে কোথাও কোনও বোমা বা বিস্ফোরক মেলেনি।

ঘটনার তদন্তে নেমে পুলিশ ও সাইবার বিশেষজ্ঞরা জানতে পারেন, একটি মহিলার ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে ওই ভীতিকর পোস্টটি করা হয়েছে। বিষয়টি জানার পর সংশ্লিষ্ট মহিলাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি স্পষ্ট জানান, তাঁর নাম ও পরিচয় ব্যবহার করে কেউ ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে এই হুমকি ছড়িয়েছে। এই ঘটনার সঙ্গে তাঁর কোনও যোগ নেই বলেও তিনি দাবি করেন।

মহিলার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ একজন সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। অভিযুক্তের বিরুদ্ধে সাইবার থানায় মামলা রুজু করা হয়েছে। কীভাবে অন্যের ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে সে এই ধরনের হুমকি পোস্ট করল, তা জানতে সাইবার টিম বিস্তারিত তদন্ত শুরু করেছে।

উল্লেখ্য, ওই ফেসবুক পোস্টে শুধু জগন্নাথ মন্দির নয়, বিজেডি রাজ্যসভার সাংসদ শুভাশিস খুঁতিয়ার উপর হামলার হুমকিও দেওয়া হয়েছিল। পোস্টটি নজরে আসার পর সাংসদ নিজেই পুলিশের দ্বারস্থ হন। পাশাপাশি তিনি অভিযোগ করেছেন, ফোনের মাধ্যমেও তাঁকে হামলার হুমকি দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে তিনি পুরীর পুলিশ সুপারের সঙ্গেও সরাসরি কথা বলেন।

এই ঘটনার জেরে জগন্নাথ মন্দির ও সংলগ্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও কড়া করা হয়েছে। ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করতে ভিড় নিয়ন্ত্রণের পাশাপাশি তাঁদের আশ্বস্তও করেছে পুলিশ। আপাতত পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং আতঙ্কের কোনও কারণ নেই বলেই প্রশাসনের তরফে জানানো হয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!