- দে । শ
- জানুয়ারি ২৭, ২০২৫
নাবালিকাদের সচেতন করতে স্বয়ংসিদ্ধা শিবির
নারীরাই সমাজের সম্পদ। সেই সম্পদকে বাঁচিয়ে রাখার বার্তা দিতে ও সচেতনতা প্রচারে মাঠে নামল পূর্ব বর্ধমান জেলা পুলিশ ও বর্ধমান মহিলা থানা। বর্ধমান সদর প্যায়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটিকে সঙ্গে নিয়ে শহরের উদয়চাঁদ জেলা গ্রন্থাগারে ১২- ২০ বছর বয়সী স্কুল ও কলেজ পড়ুয়াদের নিয়ে আয়োজন করল স্বয়ংসিদ্ধা শিবিরের। ২০২৫ সালের শিশুকন্যা দিবসের থিম ‘এম্প্যাওয়ারিং গার্লস ফর ব্রাইট টুমরো’। উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে নারীশক্তির ক্ষমতায়ন সম্পর্কে অবহিত করতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৭০ জন শিক্ষার্থীকে নিয়ে আয়োজিত শিবিরে বর্তমান সমাজ, পরিবেশ ও পরিস্থিতির খুঁটিনাটি তুলে ধরা হয়। মেয়েদের বিচার শক্তির উন্মেষ, শিক্ষার বিস্তার, স্কুল ছুটের সংখ্যা কমানো, নাবালিকা বিবাহ রোধ, নারী পাচার রোধ ও মেয়েদের বিভিন্ন সমস্যার সমাধান সম্পর্কে আলোকপাত করেন বর্ধমান মহিলা থানার আই সি কবিতা দাস। ছিলেন জেলা পুলিশের ডিএসপি দেবাশিস চক্রবর্তীও। বর্ধমান সদর প্যায়ারা ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক প্রলয় মজুমদার জানান, ‘নারীর অগ্রগতি ছাড়া ও নারী সুরক্ষা ছাড়া কোন সমাজ সুস্থভাবে এগিয়ে যেতে পারে না। তাই নারী সুরক্ষার জন্য প্রত্যেক নাগরিককে এগিয়ে আসতে হবে। নারীদেরও নিজেদের মর্যাদা, অধিকার ও ভূমিকা সম্পর্কে সচেতন থাকতে হবে।’ শিবিরে যোগ দেওয়া নার্গিস লায়েক, জয়ী সাহা, মনীষা মন্ডলদের মতে, ‘এই ধরনের শিবির যত বেশি হবে, নারীশক্তির প্রসার তত বাড়বে। সমাজে নারীর মূল্য সম্পর্কে মানুষ বেশি করে সচেতন হবেন।’
❤ Support Us





