Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • অক্টোবর ৯, ২০২৪

রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসকদের গণ ইস্তফা, তবে অব্যাহত থাকবে রোগী শুশ্রুষার কাজ, আশ্বাস ডাক্তারদের

আরম্ভ ওয়েব ডেস্ক
রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসকদের গণ ইস্তফা, তবে অব্যাহত থাকবে রোগী শুশ্রুষার কাজ, আশ্বাস ডাক্তারদের

চিকিৎসকদের গণ ইস্তফার আঁচ এবার ছড়িয়ে পড়ছে কলকাতার বাইরেও। মঙ্গলবারই আর জি কর হাসপাতালের ৫০ চিকিৎসক গণ ইস্তফা দিয়েছিলেন। আজ বুধবার, কলকাতা মেডিকেল কলেজের একঝাঁক চিকিৎসকও গণ ইস্তফা দেন। এই দুই হাসপাতালের দেখানো পথেই এবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজে গণ ইস্তফা দিলেন প্রায় ৫০ জন সিনিয়র চিকিৎসক। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র চিকিৎসকরাও গণ ইস্তফার দেওয়ার পথে হাঁটতে চলেছেন।

বুধবার সকাল থেকেই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভিন্ন বিভাগের প্রধানসহ সিনিয়র চিকিৎসকরা গণ ইস্তফাপত্রে স্বাক্ষর করেন। মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান ডাক্তার অরুণাভ ঘোষ বলেন, ‘‌এত দিন ধরে এই বিক্ষোভ চলছে তার কোনও সমাধান নেই। এর দ্রুত সুরাহা হওয়া প্রয়োজন। তিন দিন হয়ে গেল জুনিয়র চিকিৎসকরা অনশন করছে। কারও কিছু হয়ে গেলে এর দায়িত্ব কে নেবে?‌’‌ গণ ইস্তফা দিলেও সিনিয়র চিকিৎসকরা অবশ্য চাকরি ছেড়ে দেননি। পরিষেবা চালু রেখেছেন চিকিৎসকরা। গণ ইস্তফা দিয়ে সকলেই কাজে ফিরেছেন।

এই গণ ইস্তফার অর্থ চাকরি ছেড়ে দেওয়া নয়, প্রতীকী প্রতিবাদ। এই ধরনের গণ ইস্তফা আগেও হয়েছে। এই গণ ইস্তফার অর্থ, পরপর পদত্যাগপত্র জমা দিয়ে সরকারের ওপর চাপ সৃষ্টি করা। সাধারণত সরকার এই ইস্তফা গ্রহন করে না। গণ ইস্তফাপত্রে স্বাক্ষর করা কয়েকজন সিনিয়র চিকিৎসক জানিয়েছেন, তাঁরা চাকরি ছেড়ে কোথাও যাচ্ছেন না। এটা প্রতিবাদের অংশ। রোগীদের পরিষেবা দিয়ে যাবেন। তবে সিনিয়র চিকিৎসকদের একটাই দাবি, জুনিয়র চিকিৎসকদের দাবি যেন সরকার দ্রুত মেনে নেয়। তাহলে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা আরও উন্নত হবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!