- এই মুহূর্তে দে । শ
- অক্টোবর ১, ২০২৬
এবার ‘সেবা সেতু অভিযান’, অন্নপূর্ণা-সহ ২০ প্রকল্পে ফের আবেদনের সুযোগ
রাজ্যের সাধারণ মানুষের জন্য শুরু হচ্ছে বিশেষ জনকল্যাণ শিবির। আগামীকাল, শুক্রবার, ২ অক্টোবর থেকে কলকাতার ১৬টি বরো-সহ রাজ্যের সমস্ত ব্লকে তিনদিন ধরে চলবে বিশেষ ‘সেবা সেতু অভিযান’। এই শিবিরের মাধ্যমে অন্নপূর্ণা যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, শিক্ষাশ্রী, জয় জোহার, পিএম কিষান ক্রেডিট কার্ড, পিএম কিষান স্বনিধি-সহ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা পাওয়ার সুযোগ মিলবে।
জানা গিয়েছে, মোট ২০টি সরকারি প্রকল্পের পরিষেবা এই বিশেষ শিবির থেকে দেওয়া হবে। ফলে কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্পে নতুন করে আবেদন করার সুযোগ পাবেন সাধারণ মানুষ। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শিবিরগুলি খোলা থাকবে। বিভিন্ন প্রকল্পের আবেদনপত্র ও প্রয়োজনীয় পরিষেবা নিয়ে সরকারি আধিকারিকরা সেখানে উপস্থিত থাকবেন। পাশাপাশি একাধিক ব্যাঙ্কের তরফেও বিশেষ কাউন্টার খোলার ব্যবস্থা করা হচ্ছে।
কলকাতায় প্রতি দু’টি ওয়ার্ড পিছু একটি করে ‘সেবা সেতু অভিযান’-এর বিশেষ সহায়তা শিবির খোলা হচ্ছে। পুরভোটের আগে আরও নিবিড়ভাবে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা প্রতিটি পরিবারের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই বিশেষ উদ্যোগ বলে জানা গিয়েছে। শিবির সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করতে বিধায়কদেরও সহযোগিতা করতে বলা হয়েছে।
শিবিরগুলিতে সাধারণ মানুষের ভিড় এবং বিভিন্ন সরকারি প্রকল্পের কাউন্টারে পরিষেবা নিতে আসা মানুষের চাপ সামলাতে বিশেষ নিরাপত্তার ব্যবস্থাও করা হচ্ছে। তিনদিনই কলকাতা পুরসভার প্রতিটি শিবিরে বাড়তি পুলিশি নিরাপত্তার জন্য লালবাজারকে অনুরোধ করা হয়েছে। সেই অনুযায়ী শিবিরগুলিতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
তবে অন্নপূর্ণা যোজনার আবেদনপত্র পূরণকে ঘিরে শিবিরগুলিতে অতিরিক্ত চাপ তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন পুরকর্মীদের একাংশ। বিশেষ করে এই প্রকল্পে আবেদন করতে সাধারণ মানুষের আগ্রহ বেশি থাকায় সংশ্লিষ্ট কাউন্টারগুলিতে ভিড় বাড়ার সম্ভাবনা রয়েছে। ফলে বিষয়টির দিকে বিশেষ নজর রাখা হচ্ছে।
সব মিলিয়ে, পুজোর পর তিনদিনের এই বিশেষ ‘সেবা সেতু অভিযান’-এর মাধ্যমে একসঙ্গে একাধিক সরকারি প্রকল্পের সুবিধা ও আবেদন সংক্রান্ত পরিষেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
❤ Support Us







