- দে । শ
- নভেম্বর ৬, ২০২৩
“গণশক্তি”-র সম্পাদক হলেন শমীক লাহিড়ী, রদবদল রাজ্য সম্পাদকমণ্ডলীতেও
সিপিএম দলের মুখপত্র গণশক্তি পত্রিকার সম্পাদক পরিবর্তন হচ্ছে, এই খবর “আরম্ভ” আগেই প্রকাশ করেছিল। রবিবার সিপিএম রাজ্য কমিটির বর্ধিত অধিবেশনের শেষে দলের তরফে জানিয়ে দেওয়া হয়েছে গণশক্তি পত্রিকার সম্পাদকের দায়িত্ব দেওয়া হল দক্ষিণ ২৪ পরগনার সিপিএম জেলা কমিটির সম্পাদক ও সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য শমীক লাহিড়ীকে। গণশক্তির সম্পাদক পদ থেকে সরিয়ে দেওয়া হল দেবাশিস শক্রবর্তীকে।
শমীক লাহিড়ির সিপিএমের বর্তমান রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের যথেষ্ট ঘনিষ্ঠ । এছাড়া দীর্ঘদিন ধরে শমীক পার্টি সংগঠনের কাজ অত্যন্ত দক্ষতার সঙ্গে করে আসছেন। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে শমীক যথেষ্ট দক্ষ, ডিজিটাল মিডিয়া সম্পর্কে তিনি যথেষ্ট ওয়াকিবহাল। সেই কারণে তাঁকে ‘গণশক্তি’র সম্পাদক পদে আনা হল। তবে এই দায়িত্ব নেওয়ার পাশাপাশি একটি পদ ছাড়তে হবে শমীকবাবুকে। কারণ, দলের নিয়ম অনুযায়ী, এক ব্যক্তি একসঙ্গে তিনটি পদে থাকতে পারেন না। জেলা সম্পাদকের পাশাপাশি শমীক লাহিড়ি কেন্দ্রীয় কমিটির সদস্যও। তার সঙ্গে এবার যুক্ত হল দলীয় মুখপত্রের সম্পাদক পদটি। তাই তাঁকে জেলা দক্ষিণ ২৪ পরগনা জেলা সিপিএম সম্পাদকের পদ ছাড়তে হবে।
পার্টি সম্মেলনে সাধারণটি গণশক্তির সম্পাদক পরিবর্তনের রীতি। তবে সেই রীতির বাইরে গিয়ে এবার গণশক্তির সম্পাদক পরিবর্তন করা হল। পাশাপাশি সিপিএম-এর রাজ্য সম্পাদকমণ্ডলীতেও বেশ কিছু পরিবর্তন করা হল। তিনদিনের বর্ধিত অধিবেশন শেষে সেই রদবদলের কথা জানানো হয়েছে প্রেস বিজ্ঞপ্তি জারি করে। সিপিএম রাজ্য সম্পাদকমণ্ডলীতে স্থায়ী আমন্ত্রিত সদস্য হলেন রাজ্যসভার সাংসদ তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য এবং ডিওয়াইএফআই-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিমগ্নরাজ ভট্টাচার্য। রাজ্য কমিটিতে জায়গা পেলেন বাম আমলের কলকাতা পুরসভার মেয়র পারিষদ ফৈয়াজ আহমেদ খান। তবে এই সব কিছুর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন হল দলীয় মুখপত্রের সম্পাদক পরিবর্তন।
গণশক্তি’র সম্পাদক পদ থেকে দেবাশিস চক্রবর্তীকে সরিয়ে দেওয়ার কারণ সিপিএমের দলীয় মুখপত্রের কাজকর্ম নিয়ে দলের একাংশের মধ্যে অভিযোগ জোরালো হওয়া। দলের মধ্যে একাংশের অভিযোগ ছিল, পার্টি লাইন অনুযায়ী গণশক্তি পত্রিকায় দলীয় খবর পরিবেশনে ত্রুটি থেকে যাচ্ছে। হোলটাইমারদের অনেকে এই কারণে পত্রিকা ফ্রন্ট ছেড়ে অন্য ফ্রন্টে চলেও গিয়েছেন। তাঁর পার্টির হোলটাইমারের জায়গায় থাকলেও গণশক্তি থেকে বেরিয়ে গেছেন। তাই তড়িঘড়ি দলীয় মুখপত্রের সম্পাদক পদে বদলের চিন্তাভাবনা শুরু হয়ে যায়। এমনকী তা চূড়ান্ত করতে রাজ্য কমিটির বর্ধিত অধিবেশন হয় হাওড়া জেলার সদর কার্যালয় অনিল বিশ্বাস ভবনে। সিপিএমের গঠনতন্ত্র অনুযায়ী, দলীয় মুখপত্রের সম্পাদক সর্বদা রাজ্য সম্মেলনেই এতকাল বদল করা হয়েছে। এবার সেই পরিবর্তন হল দলের বর্ধিত অধিবেশনে, যেখানে উপস্থিত ছিলেন এবং অধিবেশনের উদ্বোধন করেছেন দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি।
❤ Support Us





