Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুলাই ৮, ২০২৪

‘সনাতন ধর্মকে অপমান করেননি রাহুল’, শাসক দলের অভিযোগকে নস্যাৎ করলেন শংকরাচার্য অভিমুক্তেশ্বরানন্দ

আরম্ভ ওয়েব ডেস্ক
‘সনাতন ধর্মকে অপমান করেননি রাহুল’, শাসক দলের অভিযোগকে নস্যাৎ করলেন শংকরাচার্য অভিমুক্তেশ্বরানন্দ

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধির তথাকথিত ‘বিতর্কিত’ মন্তব্যে তাঁর পাশে এসে দাঁড়ালেন উত্তরাখণ্ডের জ্যোতিষপীঠের অধ্যক্ষ শংকরাচার্য অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী।

সনাতন ধর্মের ধর্মগুরু হলেও, বিজেপি শাসিত সরকারের তীব্র সমালোচনা করেন তিনি। গত ২ জুলাই সংসদের যৌথ অধিবেশনে রাহুল গান্ধি সনাতন ধর্ম সংক্রান্ত একটি মন্তব্যে বিতর্ক সৃষ্টি হয়। তিনি বলেন, ‘শুধুমাত্র একটি ধর্মই সাহসিকতার শিক্ষা দেয়না। সব ধর্মেই এই শিক্ষা দেওয়া আছে। ‘ মহাদেবের অভয় মুদ্রার ভঙ্গিতে হাতের অঙ্গুলিবিন্যাস করে তিনি বলেন, স্বয়ং শিবজি বলেছেন ,’ ভয় করোনা, ভয় করোনা।’ পাশাপাশি শাসক দলের প্রতি কটাক্ষ করে বলেন, বিজেপি একাই সনাতন ধর্মের দায় নিয়ে বসে নেই। ‘ রাহুলের এই বক্তব্যে সংসদের মধ্যে তীব্র বিরোধিতা শুরু হয়। শাসক দলের সাংসদেরা রাহুলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। তাঁদের মতে, রাহুল সনাতন ধর্মাবলম্বীদের অপমান করছেন। ফলে স্বভাবতই এই নিয়ে বিতর্ক শুরু হয়। তবে সনাতন ধর্মের অন্যতম ধর্মগুরু রাহুলের পাশে এসে দাঁড়াতে তা নিয়ে আলোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে।

অভিমুক্তেশ্বরানন্দ বলেছেন, যখন আমার কানে এসেছিল যে কংগ্রেসের নেতা রাহুল গান্ধি সনাতন ধর্মের বিরুদ্ধে কথা বলেছেন, তখন আমি সম্পূর্ণ ভিডিওটি দেখতে শুরু করি। তবে তাঁর সমগ্র বক্তব্যে এমন কোনও বিষয় আমার কানে আসেনি যেখানে তিনি ধর্মবিরুদ্ধ কোনও মন্তব্য করেছেন। তিনি বলেছেন, সনাতন ধর্মে হিংসার কোনও স্থান নেই। তাঁর এই মন্তব্যে কোনও ভুল নেই।’ তিনি আরও বলেন, যে বা যারা তাঁর এই বক্তব্যকে বিকৃত করে মিথ্যা প্রচার করে চলেছে , তাদের বিরুদ্ধে অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত। ‘ তিনি বলেন, রাহুল তাঁর মন্তব্যে বলেছেন যে, কেন্দ্রে ক্ষমতাশালি দল ধর্মের ছদ্মবেশে সহিংসতা প্রচার করছে। তাঁর প্রতিবাদ তাদের বিরুদ্ধে। সমগ্র সনাতন ধর্মের বিরুদ্ধে নয়। ‘ বস্তুত রাহুল জানিয়েছেন, তাঁর মন্তব্যের মূল নিশানা ছিল বিজেপি । তাঁর মতে, বিজেপি, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই একমাত্র সনাতন ধর্মের প্রতিমূর্তি নন।

এর আগে অযোধ্যায় রাম মন্দির নির্মাণের পূর্বেও অভিমুক্তেশ্বরানন্দ আপত্তি জানিয়ে বলেছিলেন যে, অসম্পূর্ণ মন্দিরে রাম লালার বিগ্রহ প্রতিষ্ঠা হচ্ছে। তিনি জানান, সরকার মন্দির নির্মাণে সময় নিক। তবে অসম্পূর্ণ মন্দিরে বিগ্রহ প্রতিষ্ঠা সম্পূর্ণ শাস্ত্রবিরোধী।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!